বাড়তি খরচ চালে, সবজি মাছেও স্বস্তি নেই

বাড়তি খরচ চালে, সবজি মাছেও স্বস্তি নেই

ফন্ট সাইজ:

বাংলা ক্যালেন্ডারে এখন অগ্রহায়ণের মাঝামাঝি। শীতের শুরু। নিয়মানুযায়ী শীতকালের শুরুতে বাজারে হরেকরকম সবজির সরবরাহ বাড়ায় দর কমতে থাকে। তবে এবার বাজারদরে কিছুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। হেমন্তের শেষ দিকেও সবজির বাজারে স্বস্তি মিলছে না। বাজার করতে গিয়ে ক্রেতাদের বাড়তি পয়সা গুনতে হচ্ছে। বিশেষ করে চালের দামে অস্বস্তিতে পড়েছে ভোক্তা সাধারণ। এর বাইরেও আমিষ জাতীয় খাবার যেমন- মাছ মাংসও পকেট কাটছে ক্রেতাদের। তবে ডিম-মুরগির কিনতে কিছুটা স্বস্তি মিলছে ক্রেতাদের। শুক্রবার রাজধানীর বাজারগুলোতে বাজারদরের এই চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক বৃষ্টিতে ফসলের ক্ষতি ও সরবরাহে বিঘ্ন ঘটায় বেড়েছে সবজির দাম। সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহ ব্যবধানে শীত ও গ্রীষ্মকালীন সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। গত দুই সপ্তাহ ব্যবধানে সরবরাহ কমে যাওয়ায় অস্থির হয়ে উঠেছে সবজির বাজার। তবে মৌসুম শেষ হয়ে আসায় নিয়ম মাফিকভাবে গ্রীষ্মকালীন কয়েকটি সবজির দাম তুলনামূলক বেশিই রয়েছে বলে জানান বিক্রেতারা।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা ও লাউ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া প্রতি কেজি দেশি টমেটো ১৪০ টাকা, আমদানি করা টমেটো ১৫০ থেকে ১৬০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, মুলা ৫০ টাকা, শালগম ৬০ টাকা ও কাঁচা মরিচ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। তাছাড়াও পেঁপে ৩০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা, করলা ১০০ টাকা, নতুন আলু ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ১২০ টাকা, গাজর ৮০ থেকে ১২০ টাকা, শসা ৬০ টাকা এবং ঢ্যাঁড়স বিক্রি হয়েছে ৮০ টাকা দরে। সবজির বাজারে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে। তবে শীতকালীন সবজি হিসেবে শিম, মুলা ও নতুন আলুর দাম এখনো বেশ চড়া। কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে বাজারে এক মাসে চিচিঙ্গার দাম প্রায় ৫৮ শতাংশ, ঢ্যাঁড়সের দাম ৫৫ শতাংশ, বরবটির দাম ৫৪ শতাংশ এবং করলার দাম ৪৬ শতাংশ বেড়েছে।

মগবাজারের সবজি বিক্রেতা মো. শাহ আলম বলেন, শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও এখনো সব ধরনের সবজির দাম কমেনি। বিশেষ করে নতুন আলু, বেগুন, করলা ও বরবটির দাম তুলনামূলক বেশি। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কাওরান বাজারের আরেক বিক্রেতা মহিউদ্দিন বলেন, এই সময়ে সবজির দাম কম থাকার কথা, কিছুদিন আগেও সবজির দাম কমই ছিল। কিন্তু আকস্মিক বৃষ্টির কারণে ফসলের ক্ষেতে সবজিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে, যে কারণে সবজির দাম বাড়তি চাচ্ছে। তবে সব সময় এটা থাকবে না, কয়েক দিনের মধ্যেই বাজারে শীতের নতুন সবজিগুলো উঠতে শুরু করবে। তখন আবার সবজির দাম কমে যাবে।

এদিকে, প্রায় ৩ সপ্তাহ ধরেই বাজারে চালের দাম কিছুটা বেশি যাচ্ছে। চালের মধ্যে নাজিরশাইল ও মিনিকেট চাল কিনতে ক্রেতাদের এখন আগের তুলনায় কেজিতে এক থেকে চার টাকা বেশি খরচ করতে হচ্ছে। বিক্রেতারা জানান, গত সপ্তাহে রাজধানীর বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নাজিরশাইল চালের দাম কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছিল। একই সময়ে মিনিকেট চালের দামও বেড়েছিল কেজিতে এক থেকে দুই টাকা। বাজার ঘুরে দেখা গেছে, এসব চাল গত সপ্তাহের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা আগেই জানিয়েছিলেন, পুরোনো নাজিরশাইল চালের সরবরাহ শেষের দিকে থাকায় দাম বেড়েছে। নতুন মৌসুমের চাল বাজারে এলে দাম কমতে পারে। আর নাজিরশাইল চালের সঙ্গে মিনিকেট চালের দামও বাড়িয়েছে মিলগুলো। বাজারে রসিদ ব্র্যান্ডের মিনিকেট চাল প্রতি কেজি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। সাগর, মঞ্জুর ও ডায়মন্ড ব্র্যান্ডের মিনিকেট চালের দাম কেজিপ্রতি ৭৫ টাকা এবং মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চালের দাম ৮০ টাকায় বিক্রি হয়েছে।

আমিষ জাতীয় খাবারের মধ্যে মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও মাছের দাম অনেকটা নাগালে বাইরে ক্রেতাদের। গত এক মাসে রুই মাছের দাম প্রায় ৭ শতাংশ ও কাতলা মাছের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। বাজারে দুই থেকে চার কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং কাতলা মাছ ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া পাবদা মাছ প্রতি কেজি ৪০০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা ও তেলাপিয়া ২০০ থেকে ২৩০ টাকায় বিক্রি হয়েছে। কয়েক মাস ধরে এ দামেই এসব মাছ বিক্রি হচ্ছে। দেশি ও সামুদ্রিক মাছের মধ্যে আইড় মাছ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, বাইন মাছ ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার টাকা কেজি দরে। অন্যদিকে সাগরের পাঙাশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে।

মগবাজারের মাছ বিক্রেতা সুভ্রত বলেন, বাজারে মাছের সরবরাহ থাকলেও দাম খুব একটা কমছে না। বিশেষ করে দেশি মাছ ও বড় আকারের মাছের দাম বেশি। পাইকারি বাজার থেকে বেশি দামে মাছ কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়িয়েছে সরকার। দাম বাড়ালেও বাজারে সয়াবিন তেলের সরবরাহ বাড়ানো হয়নি। ফলে অনেক দোকানেই মিলছে না তেল। বাজারে অন্যান্য মুদিপণ্যের মধ্যে দেশি রসুনের দাম বেড়েছে, কমেছে চায়না আদার দাম। মসলাজাতীয় পণ্যের মধ্যে লবঙ্গ ও জিরার দাম বেড়েছে।