‘বাংলা অস্ত্রে হাত ছিঁড়ে যায়, আমি এই মাল ব্যবহার করি না’

‘বাংলা অস্ত্রে হাত ছিঁড়ে যায়, আমি এই মাল ব্যবহার করি না’

ফন্ট সাইজ:

ফটিকছড়ির ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারে টানা চারদিন অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি পুলিশ। তবে এ সময় তার ছয় সহযোগীকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে দু’টি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- ইতালিতে তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল, যা রায়হান ব্যবহার করতেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে পোস্ট করেছেন সন্ত্রাসী রায়হান। তার দাবি, নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে। ‘আমি এইরকম বাংলা মাল ব্যবহার করি না। বাংলা অস্ত্রে হাত ছিঁড়ে যায়।’ গত ২২ থেকে ২৫শে নভেম্বর ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান- পুলিশ সুপার মো. মাসুদ আলম। অভিযানে গ্রেপ্তার ছয়জন হলেন- মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্দন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)।

পুলিশ সুপার জানান, সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ২৪শে নভেম্বর সন্ধ্যা পর্যন্ত রায়হান মহররম আলীর বাড়িতে ছিলেন। পরে অন্যত্র চলে যাওয়ার সময় নিজের পিস্তল ও গুলি তার কাছে রেখে যান।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, গ্রেপ্তার দুই সহযোগী এমরান ও সাইদুলের দেয়া তথ্যের ভিত্তিতে ২৩শে নভেম্বর হাজীরখিল কোদালিয়া টিলায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। গ্রেপ্তার ব্যক্তিরাই জানিয়েছেন, ইতালির তৈরি পিস্তলটি রায়হান ব্যবহার করতেন। এদিকে ফেসবুক পোস্টে রায়হান দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে তার পরিচয় নেই। নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়রানি করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের লোক কিংবা কোনো বড় নেতার প্রতিপক্ষ হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।