রেলওয়ের টিকিট ব্যবস্থাপনায় নানা অভিযোগের পরও পুরনো সিন্ডিকেট ঘিরেই আলোচনা চলছে। বাংলাদেশ রেলওয়ের সমন্বিত টিকেটিং ব্যবস্থা-‘বাংলাদেশ রেলওয়ে ইন্টিগ্রেটেড টিকিটিং সিস্টেম’ (বিআরআইটিএস)-এর নতুন দরপত্র ঘিরে এই আলোচনা জোরদার হয়েছে। দরপত্রের শর্তাবলি এমনভাবে সাজানো হয়েছে, যাতে দেশের যোগ্য ও উদীয়মান কোনো প্রতিষ্ঠানই প্রতিযোগিতায় টিকতে না পারে। এমনকি অতীতের কুকীর্তি ও কোটি কোটি টাকার অডিট আপত্তি এড়াতে পুরনো জোটের অংশীদাররা এখন খোলস পাল্টে আলাদাভাবে নতুন জোট বেঁধে টেন্ডার বাগিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। যদিও সমালোচনার মুখে শর্ত শিথিলের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
ফিরলো ২০২০ এর বিতর্কিত শর্ত: টেন্ডার আহ্বানের বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা যায়, দরপত্রের আইটিটি’র ৫ এর ১০ ধারার (ই) ও আইটিটি ৫ এর ১০ ধারার (এফ) অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশে রেলওয়ে বা মাস-ট্রানজিট খাতে এক বছরে অন্তত ৭০ লাখ টিকিট বিক্রির পূর্ব-অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এয়ারলাইন্স রিজার্ভেশন সিস্টেম, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম কিংবা বড় অ্যাপ-ভিত্তিক পরিবহন বুকিং প্ল্যাটফর্মগুলো রেলওয়ের চেয়েও জটিল ও বৃহৎ পরিসরে অনলাইন টিকিটিং পরিচালনা করে। অথচ সেগুলোর অভিজ্ঞতাকে বাদ দিয়ে কেবল দেশীয় মাস-ট্রানজিটের শর্ত জুড়ে দেয়া হয়েছে। এর আগে ২০২০ সালের দরপত্রে ৫০ লাখ টিকিট বিক্রির পূর্বভিজ্ঞতার শর্ত নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। সে সময় দরপত্র রিভিউ প্যানেল স্পষ্ট বলেছিল, ‘সহজ জেভি’ শর্ত পূরণ করেনি এবং সেখানে যোগসাজশ হয়েছে। পরবর্তীতে হাইকোর্ট অভিযোগের মূল সত্যতা বিচার না করে কেবল আপিলের নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার কারিগরি কারণে রিভিউ প্যানেলের সিদ্ধান্তটি বাতিল করলে কাজটি পায় সহজ। সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের দরপত্রে ঠিক সেই অভিজ্ঞতার চেয়েও ২০ লাখের বেশি টিকিটের পূর্ব-অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে। এটি কেবল ওই বিতর্কিত চুক্তি পেয়েই অর্জন করা সম্ভব। এমনকি ২০২০ সালের টেন্ডারে যেকোনো দেশের টিকিটিং অভিজ্ঞতা গ্রহণযোগ্য হলেও এবার তা কেবল বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।
অডিটে লুটপাটের চিত্র: পরিবহন অডিট অধিদপ্তরের আইটি অডিট দল (২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর) বিআরআইটিএস’র কার্যক্রমে চার ধরনের গুরুতর অনিয়ম চিহ্নিত করে রেলওয়ের মহাপরিচালক বরাবর ২২টি অডিট মেমো পাঠিয়েছে। এর মধ্যে প্রাপ্ত মাত্র ৮টি মেমোতে দেশের ১৬৩টি স্টেশনের মধ্যে কেবল ১০টি স্টেশনের ২৪ মাসের (জুলাই-২০২৪ থেকে জুন-২০২৬) হিসাবেই ৯ কোটি ৬৭ লাখ ৪১ হাজার ৫৩ টাকার আর্থিক ক্ষতি ও বকেয়া চিহ্নিত হয়েছে। অনলাইন টিকিট বিক্রির প্রকৃত আয়ের বিপরীতে সরকারি কোষাগারে ৮ কোটি ৫ লাখ ২৫ হাজার ১৫১ টাকা কম জমা দেয়া হয়েছে। এটি নিরীক্ষার ভাষায় সরকারি অর্থ আত্মসাতের গুরুতর ইঙ্গিত বহন করে। এছাড়া প্রযোজ্য ভ্যাট বাবদ আরও ৩০ লাখ ২৭ হাজার ৯০২ টাকা কম জমা দেয়া হয়েছে। ১৬৩টি স্টেশনে নিরীক্ষা চালালে এই ঘাটতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি নিয়ে খোদ অডিট দলই শঙ্কা প্রকাশ করেছেন।
কঠিন শর্ত, নথিপত্রে অসংখ্য অসঙ্গতি: নতুন দরপত্রের নথিপত্র বিশ্লেষণ করে আরও বেশ কিছু প্রতিবন্ধকতা ও অসঙ্গতি পাওয়া গেছে। গত ৫ই নভেম্বর প্রকাশিত এই দরপত্র জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ই ডিসেম্বর। বর্তমান চুক্তির মেয়াদ আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। নতুন কোনো প্রতিষ্ঠান কাজ পেলে মাত্র ২১ কার্যদিবসের মধ্যে পুরো সিস্টেম বুঝে নিয়ে কার্যক্রম শুরু করতে হবে, অন্যথায় দৈনিক ৫ হাজার টাকা জরিমানা গুনতে হবে। পাশাপাশি দরপত্রে ৪৪টি পদের বিপরীতে ২০০ জন স্টেশন প্রতিনিধিসহ বিশাল জনবলের শর্ত দেয়া হয়েছে, যা এত কম সময়ে নতুন প্রতিষ্ঠানের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। নতুন ভেন্ডরকে ২১ কার্যদিবসের মধ্যে কাজ শুরুর নির্দেশ দেয়া হলেও বর্তমান ভেন্ডরের ওপর সিস্টেমের পূর্ণ সোর্স কোড, ডেটাবেস ও অ্যাডমিন অ্যাক্সেস হস্তান্তরের কোনো সুনির্দিষ্ট বাধ্যবাধকতা রাখা হয়নি। এ ছাড়া কাজ পাওয়ার আগেই পিক আওয়ারে ৩০ লাখ অনলাইন ইউজারের লোড-টেস্ট সিমুলেশন দেখানোর শর্ত রাখা হয়েছে।
ওদিকে গত ২৬শে অক্টোবর রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের নতুন টিকিটিং দরপত্রে ‘সম্পূর্ণ স্বচ্ছতা’ নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা ও ক্রয় বিশেষজ্ঞদের মতে, অডিট আপত্তিতে অভিযুক্ত বর্তমান ভেন্ডর ও তার জোটসঙ্গীদের দায় নির্ধারণ না করে এবং বিতর্কিত শর্তগুলো বহাল রেখে দরপত্র সম্পন্ন করলে রাষ্ট্রীয় স্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। দরপত্রের একপেশে ও সীমাবদ্ধতামূলক শর্তগুলো বিশেষ করে ৭০ লাখ টিকিটের অভিজ্ঞতা, এয়ারলাইন্স/জিডিএস বাদ দেয়া এবং জয়েন্ট ভেঞ্চারের জটিলতা সংশোধন করা উচিত। সার্বিক বিষয়ে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন মানবজমিনকে বলেন, আমরা এ নিয়ে অনেক অভিযোগ পাওয়ার পর কিছু শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি। এ নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি দেয়া হবে।
