সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক যেন এখন কিশোরী ও তরুণীদের জন্য এক অদৃশ্য ঝুঁকির জায়গায় পরিণত হচ্ছে। এরই মধ্যে ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসা এক চীনা নাগরিকের ভয়াবহ প্রতারণা ও নির্যাতনের ঘটনায় মানিকগঞ্জসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই চীনা নাগরিকের নাম চেন ইয়ং।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, টিকটক, বিয়ের প্রলোভন ও ভুয়া কাগজপত্রের আড়ালে তিনি গত তিন মাসে অন্তত ১৫ জন কিশোরী ও নারীকে বিয়ের নামে প্রতারণার শিকার করেছেন। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সি এক অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তারের পরই বেরিয়ে আসে তার এই অপরাধ জগতের নানা দিক। পুলিশ সূত্রে জানা যায়, চেন ইয়ং ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে মূলত টিকটককে প্রতারণার মাধ্যম হিসেবে ব্যবহার করতেন। এই প্ল্যাটফরমের মাধ্যমে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত তরুণীর সঙ্গে তার পরিচয় ও সখ্য গড়ে ওঠতো। শুরুতে বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি করে তাদের আস্থা অর্জন করতেন। তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সম্পর্ক গভীর হলে একপর্যায়ে বিয়ের প্রস্তাব দিতেন।
ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনের জন্য স্ট্যাম্পে ভুয়া বিয়ের কাগজপত্র তৈরির মতো কৌশলও তিনি অবলম্বন করতেন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে কিংবা নানা কৌশলে ভুক্তভোগীদের মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে ঢাকার ভাড়া বাসায় নিয়ে যেতেন এবং সেখানে আটকে রেখে ধর্ষণ করতেন। মানিকগঞ্জের ১৪ বছর বয়সি ওই স্কুলছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাটিই চেন ইয়ংয়ের বিরুদ্ধে চলমান তদন্তকে নতুন মোড় দেয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ই নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে ওই কিশোরী নিখোঁজ হয়। মেয়ের সন্ধান না পেয়ে পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি’র পর থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। নিখোঁজের কয়েক দিন পর সোমবার রাতে ভুক্তভোগী ওই শিক্ষার্থী কৌশলে তার বড় বোনকে ফোন করে নিজের অবস্থানের ইঙ্গিত ও ঘটনার বিবরণ দেয়। সে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। বিয়েসহ নানা প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। বড় বোনের কাছ থেকে পাওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসার অবস্থান নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি দল। ওই রাতেই সেখানে অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দু’টি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। চেন ইয়ং গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর গত সোমবার রাতেই ঘটনাস্থলে বিভিন্ন বয়সি একাধিক নারীর উপস্থিতি স্থানীয়দের নজরে আসে। তাদের মধ্যে সাভারের এক নারীও চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেন। ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহল ও ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে গত তিন মাসে অন্তত ১৫ জন নারীকে বিয়ের নামে প্রতারণার তথ্য সামনে এসেছে। ভ্রমণ ভিসায় অবস্থান করে কীভাবে তিনি এতগুলো সম্পর্ক ও তথাকথিত বিয়ের জালে নারীদের জড়ালেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় কোনো সংঘবদ্ধ চক্র বা স্থানীয় সহযোগী জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন। মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, জিডি করার পর থেকেই পুলিশ নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছিল। বড় বোনের দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে শিক্ষার্থীকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। চেন ইয়ংয়ের পুরো নেটওয়ার্ক এবং সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে টিকটক, বিয়ের প্রলোভন ও ধর্ষণের মতো আরও বেশকিছু অভিযোগ রয়েছে।
বুধবার বিকালে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে তোলা হলে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মানিকগঞ্জের এই ঘটনা আবারো সামনে এনেছে অনলাইন পরিচিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের ঝুঁকি। বিশেষ করে অপ্রাপ্তবয়সি কিশোরীদের অনলাইন যোগাযোগে পরিবারের নজরদারি এবং ভুয়া কাগজপত্র বা প্রলোভনের বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সচেতন মহল। এখন তদন্তের অগ্রগতির দিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা। এদিকে চীনা ওই নাগরিক বাংলা ভাষায় কথা বলতে পারতেন। ফলে কিশোরী ও নারীরা তার প্রলোভনে আকৃষ্ট হয়ে নিজেদের সর্বনাশে ঠেলে দিতেন।
