মোহামেডান-আবাহনীর হার, এগিয়ে রহমতগঞ্জ

মোহামেডান-আবাহনীর হার, এগিয়ে রহমতগঞ্জ

ফন্ট সাইজ:

প্রায় এক মাস বিরতির পর বাংলাদেশ ফুটবল লীগে মাঠে ফিরেই হারের মুখ দেখলো দুই ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। গোলশূন্য প্রথমার্ধের পর আবাহনী-পুলিশ ম্যাচে দেখা মিললো পাঁচ গোলের রোমাঞ্চ। আক্রমণাত্মক ফুটবলে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে গতকাল মারুফুল হকের দল আবাহনীকে ৩-২ গোলে হারিয়েছে পুলিশ। অন্যদিকে মুন্সীগঞ্জে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দিনের অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের লড়াই শেষ হয়েছে ২-২ গোলে।

বাংলাদেশ ফুটবল লীগের পেশাদার যুগে প্রবেশের পর আবাহনীর বিপক্ষে এটাই পুলিশের প্রথম জয়। লীগ কিংবা অন্য প্রতিযোগিতা, আগে কখনো ধানমন্ডির ক্লাবটির বিপক্ষে জয়ের রেকর্ড ছিল না পুলিশ এফসির। অবশেষে ঐতিহ্যবাহী আবাহনীর বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল আরফুজ্জামানের দল। গাজীপুরের ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি। অষ্টম মিনিটে ডান দিক থেকে রাহুলের ক্রসে প্রীতমের দারুণ সেভের পরও বক্সে বল পেয়ে যান পুলিশের ফরোয়ার্ড স্টিফেন জুনিয়র। তবে শট নেওয়ার আগেই দ্রুত ক্লিয়ার করেন আবাহনীর ডিফেন্ডার আবদুল্লাহ ওমর। ২৭ মিনিটে বক্সের সামনে থেকে রাসুল বারের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির আগে মোরসালিনের ফ্রি-কিকও পুলিশের রক্ষণ দেয়ালে আটকে যায়। প্রথমার্ধের শেষ মুহূর্তে আলামিন জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। বিরতির পর অবশ্য ম্যাচের চিত্র পাল্টে যায়। ৫৭ মিনিটে জাহিদ ডান প্রান্ত দিয়ে উঠে আবাহনীর দুই ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে রাসুল বারকে নিচু ক্রস দেন। দারুণ প্লেসিং শটে গোল করে পুলিশকে এগিয়ে দেন এই সেনেগালিজ ফরোয়ার্ড। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন স্টিফেন জুনিয়র।

এর দুই মিনিট আগে রাসুল বারের গতির
কাছে পরাস্ত হয়ে তাঁকে ফাউল করেন আবাহনীর নাইজেরিয়ান ডিফেন্ডার সানডে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। প্রীতম ঝাঁপিয়ে পড়েও স্টিফেনের স্পটকিক ঠেকাতে পারেননি। ৮৫ মিনিটে মাইকেল বাবাতুন্ডের সহায়তায় ইমতিয়াজ রায়হান গোল করে ব্যবধান কমান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রাসুল বারের সঙ্গে বল আদান-প্রদান করে বক্সে ঢুকে চিপ শটে গোল করেন শফিক কাগিমু। পুলিশ এগিয়ে যায় ৩-১ গোলে। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে বাবাতুন্ডে গোল করলেও আবাহনীর ফেরার সময় ছিল না। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পুলিশ।

এদিকে মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে রহমতগঞ্জের জয়টিও ছিল তাৎপর্যপূর্ণ। চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেল সাদা-কালোরা। ষষ্ঠ মিনিটে শাহরিয়ার ইমনের গোলে এগিয়ে যায় মোহামেডান। দ্বিতীয়ার্ধের শুরুতে ইব্রাহিমা সেন সমতা ফেরান। ৬১ মিনিটে প্রিন্স ওসুর গোলে জয় নিশ্চিত করে রহমতগঞ্জ। এই জয়ে ছয় ম্যাচে তিন ড্র ও দুই জয় নিয়ে ৯ পয়েন্টে টেবিলের পাঁচ নম্বরে উঠেছে রহমতগঞ্জ। পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মোহামেডান। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ পুলিশ এফসি। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আবাহনী।