ওমানের ঘরোয়া হকি টুর্নামেন্ট ‘হিজ ম্যাজেস্টি’স হকি কাপ’ বা ওমান কাপে খেলবেন তিন বাংলাদেশি। তারা হলেন— ডিফেন্ডার আমিরুল ইসলাম, ফরোয়ার্ড রকিবুল ইসলাম রকি এবং গোলরক্ষক বিপ্লব কুজুর। ভিনদেশি লীগে তিন বাংলাদেশি সুযোগ পাওয়ায় ইতিবাচক বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তাদেরকে অনাপত্তিপত্র দেয়া হবে বলে জানিয়েছেন বাহফের য্গ্মু সম্পাদক আরিফুল হক প্রিন্স। ৮ থেকে ২৩শে ডিসেম্বর ওমানের রাজধানী মাসকাটে টুর্নামেন্টের ৫৬তম আসর অনুষ্ঠিত হবে। ১৮টি ক্লাবের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের এই তিন খেলোয়াড় একই দলের হয়ে খেলবেন। ধোফার প্রদেশের সালালাভিত্তিক ক্লাব ‘আল ইত্তিহাদ স্পোর্টস ক্লাব’-এর জার্সিতে খেলবেন আমিরুলরা। চুক্তি অনুযায়ী, দলটির হয়ে অন্তত ছয়টি ম্যাচে খেলার সুযোগ পাবেন তারা।
বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘ ওমানের আল ইত্তিহাদ ক্লাব বিপ্লব, রকি আর আমিরুলকে খেলতে দেয়ার অনুমতি চেয়ে ফেডারেশনে চিঠি দিয়েছে। আমরা অবশ্যই তাদের অনুমতি দেবো।’ ওমানের লীগে তাদের সুযোগ পাওয়া নিয়ে ইতিবাচক প্রিন্স। তিনি বলেন, ‘আমাদের দেশের প্লেয়াররা বিদেশে খেললে অভিজ্ঞতা অর্জন করবে। পরে এটি জাতীয় দলের খেলায় কাজে দেবে।’ ভিনদেশি লীগে খেলার এই সুযোগকে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ হিসেবে দেখছেন আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘বিদেশের মাটিতে নিজেদের পারফরম্যান্স মেলে ধরার এটি দারুণ একটি সুযোগ। আমরা চেষ্টা করবো সেরাটা দিয়ে ওমানে ভালো ফলাফল বয়ে আনতে।’
২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত ওমান হকি লীগে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর দলটি দ্বিতীয় স্তর বা ‘জিন্দাল হকি লীগে’ অংশ নেয়। সেখানে আল সিবের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয় আল ইত্তিহাদ। ২০২৪ সালে প্রথম বিভাগ হকি লীগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিজওয়াকে পেনাল্টি শুট-আউটে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় হয় দলটি।
