রবসনের জাদুতে ফর্টিসকে হারালো কিংস

রবসনের জাদুতে ফর্টিসকে হারালো কিংস

ফন্ট সাইজ:

বসুন্ধরা কিংস অ্যারেনার গল্পটা যেন লেখা হয়েছিল রবসন রবিনহোর জন্যই। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের জোড়া গোলেই ফর্টিস এফসিকে ২-১ ব্যবধানে হারালো বসুন্ধরা কিংস। ম্যাচে নাটকীয়তার কমতি ছিল না। মিঠু চৌধুরীর ফাউলে পেনাল্টি থেকে কিংসের এগিয়ে যাওয়া, বিরতির পর রবসনের চোখধাঁধানো ফ্রি কিক আর পরে মিঠুর গোল করে ভুলের প্রায়শ্চিত্ত— সব মিলিয়ে জমে উঠেছিল লড়াই। তবে শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেন রবসনই। গতকাল ঘরের মাঠে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বক্সের ভেতর রবসন রবিনিওকে ফাউল করেন ফর্টিসের ডিফেন্ডার মিঠু চৌধুরী। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি রবসন। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকেরা। বিরতির পরও রবসনের জাদু অব্যাহত থাকে।

৫৩ মিনিটে বক্সের ঠিক সামনে পাওয়া ফ্রি কিক থেকে দুর্দান্ত শটে ফর্টিসের জাল কাঁপান তিনি। গোলকিপার সুজন পেরেরা লাফিয়েও বলের নাগাল পাননি। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ফর্টিস। ৭২ মিনিটে পা ওমর বাবুর কর্নারে মাথা ছুঁইয়ে গোল করেন মিঠু চৌধুরী। প্রথমার্ধে পেনাল্টি হজম করার ভুলের প্রায়শ্চিত্ত করেন এই ডিফেন্ডার। এর পাঁচ মিনিট পর ফর্টিসের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে বদলি হিসেবে মাঠে নামেন শুকি ইতোফুসা। দেশের বাইরের লীগে খেলার সুযোগ পাওয়ায় মৌসুমের মাঝপথেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিরতির সময় ক্লাবের পক্ষ থেকে তাঁকে বিদায়ী সংবর্ধনাও দেওয়া হয়। শেষ দিকে ফর্টিস সমতা ফেরানোর চেষ্টা করলেও আর গোল পায়নি। রবসনের জোড়া গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

এই জয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো বসুন্ধরা কিংস। চার ম্যাচের প্রথম হারের স্বাদ পাওয়া ফর্টিস ৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ছয় নাম্বারে। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে গতকাল আবাহনীকের প্রথম বারের মতো হারের স্বাদ দেয়া বাংলাদেশ পুলিশ এফসি।