ভারতের ভুবনেশ্বরে চলমান বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিটে তিন দিনে চার পদক জিতেছে লাল সবুজের অ্যাথলেটরা। আগের দুই দিনে রৌপ্য ও ব্রোঞ্জ এনে দেন যথাক্রমে স্বপ্না ও সুমাইয়া দেওয়ান। গতকাল পদকের দেখা পেয়েছেন বাংলাদেশের জাকিয়া সুলতানা ও সুমাইয়া দেওয়ান। নারীদের শটপুট ইভেন্টে ১২.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতেন জাকিয়া। কলিঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত শটপুট ফাইনালে নিজের পঞ্চম প্রচেষ্টায় সেরা দূরত্ব অর্জন করেন জাকিয়া। ছয়টি প্রচেষ্টার মধ্যে তাঁর ফলাফল ছিল যথাক্রমে ১১.৬৫, ১১.২৭, ১১.৭৯, ১২.০৪, ১২.৬৪ ও ১০.৭০ মিটার। এই ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছেন ভারতের দুই অ্যাথলেট। ১৫.১৭ মিটার দূরত্ব অতিক্রম করে শীর্ষস্থান দখল করেন আনশু। আর ১৪.৫৯ মিটার ছুড়ে দ্বিতীয় হন রিয়া ভার্মা।
একই ইভেন্টে বাংলাদেশের আরেক প্রতিযোগী মিনু খাতুন ৮.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে সপ্তম হয়েছেন। এদিকে নারীদের ২০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। ফাইনাল দৌঁড়ে ২৪.৭৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন সুমাইয়া। এই ইভেন্টে ২৪.০৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন শ্রীলঙ্কার কে. রিসানসা হিরুপামা। ২৪.২৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক পেয়েছেন ভারতের ভাবনা জি। পদকের খুব কাছাকাছি গিয়েও চতুর্থ হয়েছেন ভারতের সোনিকা। তার সময় ছিল ২৪.৭৪ সেকেন্ড। অর্থাৎ সুমাইয়ার চেয়ে মাত্র ০.০১ সেকেন্ড বেশি সময় নেওয়ায় পদক হাতছাড়া হয়েছে তার। এই ইভেন্টে বাংলাদেশের আরেক প্রতিযোগী রুনা নুসরাত জাহান ২৫.৭৬ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ হয়েছেন।
