জাতীয় নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ এরিক মারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। অভিযোগ রয়েছে কিরণের আপত্তিকে পাশ কাটিয়ে মারেকে নিয়োগ দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এই ঘটনায় ফেডারেশনের শীর্ষ দুই কর্তার মধ্যে টানাপড়েনের গুঞ্জন উঠলেও তা নাকচ করে দিয়েছেন বাফুফে সভাপতি। তার দাবি, এটি কোনো ব্যক্তিগত মতবিরোধ নয়, বরং দাপ্তরিক প্রক্রিয়ারই অংশ। তাবিথ আউয়াল বলেন, ‘সভাপতি ও নারী কমিটির চেয়ারম্যানের মধ্যে দূরত্ব নেই। এটা দায়িত্বের প্রক্রিয়ার মধ্যে হয়েছে। নারী কমিটির চেয়ারম্যান এবং টেকনিক্যাল ডিরেক্টর অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। কোচের অনুপস্থিতি এবং কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় সভাপতিকে নির্বাহী ক্ষমতাবলে একটি সিদ্ধান্ত নিতে হয়। আর সেই সিদ্ধান্তই নেয়া হয়েছে।’
এশিয়া কাপ খেলা এবং মহাদেশীয় শীর্ষ ১২ দলের একটি হওয়া সত্ত্বেও কেন জাতীয় দলে কাজ করার পূর্বঅভিজ্ঞতাহীন একজনকে কোচ হিসেবে বেছে নেয়া হলো- এমন প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, ‘এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান নিয়োগটি শুধুমাত্র সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচের জন্য একটি অন্তর্বর্তীকালীন নিয়োগ। কোনো যথাযথ লাইসেন্সধারী কোচ মাত্র চার সপ্তাহের জন্য আসতে চাইবেন না।’ আরেকটি কারণও তুলে ধরেন তিনি। বাফুফে সভাপতি বলেন, ‘এ ছাড়া তাকে (মারে) আবার পিটার বাটলারের কোচিং দর্শন অনুসরণ করেও কাজ করতে হবে। এটা বড় মাপের কোচ করবেন না। কমিটি এবং টেকনিক্যাল ডিরেক্টর যখন কোনো কোচের নাম সুপারিশ করতে ব্যর্থ হয়েছেন, তখন আমাদের হাতে থাকা সম্পদ ও সুযোগ-সুবিধার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’ নারী দলের নিয়মিত কোচ পিটার বাটলার ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার মাঠে ফেরা অনিশ্চিত। ডিসেম্বরে শেষ হচ্ছে তার চুক্তির মেয়াদ। ফলে নতুন স্থায়ী কোচ খোঁজার প্রক্রিয়ায় যাচ্ছে বাফুফে।
তাবিথ আউয়াল বলেন, ‘২০২৭ সালের জানুয়ারি থেকে একজন নতুন কোচ দায়িত্ব গ্রহণ করবেন। আশা করছি, ততদিনে কমিটি নতুন কোচ নিয়োগের জন্য সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু করবে।’ এর আগে পুরুষ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ দাবি করে শোকজ ও পরবর্তীতে জাতীয় দল কমিটি থেকে বাদ পড়েছিলেন নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। অথচ কিরণ প্রকাশ্যে কোচকে অযোগ্য বললেও ফেডারেশন নীরব! এ ছাড়া বাটলারের নিয়োগ নিয়ে কিরণ, রেফারিং ইস্যুতে টিপু সুলতান ও ছাইদ হাসান কানন এবং কোচ নিয়ে ইকবাল হোসেন মন্তব্য করলেও বাফুফে কোনো ব্যবস্থা নেয়নি। তাবিথ আউয়াল বলেন, ‘আমার বিশ্বাস, এই দুটি বিষয়ের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক নেই। আমি নথিপত্র যাচাই করেছি এবং নিজের স্মৃতি থেকেও বিষয়টি স্মরণ করেছি। জনাব শাহীনকে জাতীয় দল কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, যাতে তিনি ফুটবল এবং ফেডারেশনের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি সেসব বিষয়ে আরও বেশি সময় ও মনোযোগ দিতে পারেন।’
পুরুষ দলে মিডিয়া ম্যানেজার হিসেবে আমের খান এবং ম্যানেজার হিসেবে ফেডারেশন সদস্য আমিরুল ইসলাম বাবুর মতো সংগঠকরা থাকলেও নারী দলের ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে মিডিয়া বিভাগে কর্মরত ফেডারেশনের এক স্টাফকে। নির্বাহী কমিটির অনেকের সমালোচনার মুখেও ওই স্টাফের ওপরই আস্থা রাখছেন সভাপতি। তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের লক্ষ্য হলো নারী ও পুরুষ উভয় জাতীয় দলের জন্য একজন করে সার্বক্ষণিক পেশাদার ম্যানেজার নিয়োগ করা। গত দুই বছরে আমরা এ ধরনের দায়িত্ব পালনে সক্ষম ম্যানেজার নিয়োগের চেষ্টা করেছি।’
