অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় ‘স্যান্ডপেপার-গেট’ বা বল টেম্পারিং বিতর্কে নতুন মোড়। ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের সেই কেলেঙ্কারি খতিয়ে দেখতে গঠিত স্বাধীন ফোরামের পরিধি আরও বাড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গতকাল প্রকাশিত ফোরামের কার্যপরিধি (টার্মস অব রেফারেন্স) অনুযায়ী, কেবল দক্ষিণ আফ্রিকা সফরই নয়, ২০১৭-১৮ মৌসুমের পুরো সময়ে অস্ট্রেলিয়া দলের ‘বল ব্যবস্থাপনার’ (বল-ম্যানেজমেন্ট) ধরন খতিয়ে দেখা হবে। যার মধ্যে রয়েছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতা পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজও। চলতি মাসের শুরুতে সাবেক অজি ওপেনার উসমান খাজা এক মন্তব্যে জানান, ২০১৮ সালে কেপটাউনে বল টেম্পারিংয়ের ঘটনাটি শুধু অভিযুক্ত তিন ক্রিকেটারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং পুরো দলই বিষয়টি সম্পর্কে জানতো। খাজার এই দাবির পর পরই অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন করে তোলপাড় শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা দেয়, কোনো ধরনের শাস্তির ভয় ছাড়াই খেলোয়াড় ও কোচিং স্টাফদের বক্তব্য শোনার জন্য তারা একটি স্বাধীন ফোরাম গঠন করবে।
অস্ট্রেলিয়ান ব্যারিস্টার ফিওনা ম্যাকলিওডের তত্ত্বাবধানে ছয় সপ্তাহব্যাপী এই ফোরাম পরিচালিত হবে। এখানে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের চারটি টেস্টের পাশাপাশি ২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজ সিরিজের বল ব্যবস্থাপনাও পর্যালোচনা করা হবে। যদিও ওই অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবৈধভাবে বল বিকৃতির কোনো অভিযোগ ওঠেনি। এ ছাড়া ২০১৮ সালে সিএ-র ইন্টেগ্রিটি ইউনিটের তদন্ত প্রক্রিয়া ও তার পরিধি কতটুকু সঠিক ছিল, সেটিও খতিয়ে দেখা হবে। ছয় সপ্তাহের এই প্রক্রিয়ায় ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটার, কোচিং স্টাফ ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন। চাইলে সরাসরি উপস্থিত হয়ে, অনলাইনে, লিখিত বক্তব্য কিংবা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েও অংশ নেয়া যাবে। তবে ফোরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, অংশগ্রহণকারীদের ব্যক্তিগত বক্তব্য দেখতে পারবে না ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড। ফিওনা ম্যাকলিওডের নেতৃত্বাধীন দল আলোচনায় উঠে আসা মূল বিষয়, সমস্যা এবং প্রয়োজনীয় সুপারিশ নিয়ে একটি প্রতিবেদন জমা দেবে। ব্যক্তিগত সাক্ষ্য কিংবা সহায়ক নথি সেখানে অন্তর্ভুক্ত থাকবে না। প্রতিবেদন পাওয়ার ৩০ দিনের মধ্যে সেটি এবং নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে সেই বিতর্কিত ঘটনা। বইটিতে খাজা দাবি করেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু শাস্তি পাওয়া তিন ক্রিকেটারের মধ্যে সীমাবদ্ধ ছিল না; দলের আরও অনেকে বিষয়টি জানতেন। ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট তার বক্তব্যের কিছু অংশ সমর্থন করেছেন। তবে প্যাট কামিন্সসহ দলের কয়েকজন বোলার দাবি করেছেন, তারা এমন পরিকল্পনার বিষয়ে কিছুই জানতেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন বলেন, ‘২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা সব খেলোয়াড় ও স্টাফকে নিজেদের কথা বলার সুযোগ করে দিতে এই স্বাধীন ফোরাম তৈরি করা হয়েছে। নিরাপদ পরিবেশে তাদের অভিজ্ঞতা তুলে ধরার এবং বোর্ডের শোনার এটি একটি সুযোগ।’ তিনি বলেন, ‘প্রতিবেদনটি সম্পূর্ণ প্রকাশ করা স্বচ্ছতার প্রতি আমাদের অঙ্গীকারের অংশ। তবে এই প্রক্রিয়ার উদ্দেশ্য কাউকে শাস্তি দেয়া কিংবা দোষারোপ করা নয়।’
