লিভারপুল থেকে স্পোর্টিং সিপি- টানা দুই ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের শিকার হওয়ার অভিযোগ ম্যানচেস্টার ইউনাইটেডের। এর আগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ভিএআরের ভুল সিদ্ধান্তের জন্য ক্ষমাও চায় প্রো রেফ। তবে সব দায় কি শুধুই রেফারিদের? ইউনাইটেডেরও দুর্দশার যেন শেষ নেই। মাঠের পারফরম্যান্সে ব্যর্থতা, পয়েন্ট হারানো, কোচের ওপর চাপ- সবকিছুর সঙ্গেই নতুন করে যুক্ত হয়েছে এই রেফারিং বিতর্ক। মরিসিও পচেত্তিনোর অধীনে প্রথম দুই ম্যাচেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। আর তাতে কঠিন হয়ে উঠছে ইংলিশ জায়ান্টদের ঘুরে দাঁড়ানোর লড়াই। স্পোর্টিং লিসবনের বিপক্ষে বুধবারের ম্যাচটি তার সর্বশেষ উদাহরণ। ম্যাচে ব্রুনো ফার্নান্দেসের শট মাঠের একটি উঁচু অংশে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। তবে সেই সৌভাগ্যের পরও স্বস্তি মেলেনি রেড ডেভিলদের। প্রথমার্ধের শেষ দিকে আমাদ দিয়ালোর গোল বাতিল করেন রেফারি। বিল্ড-আপে ইউরি টিয়েলেমানসের ফাউল দেখানো হয়। অথচ ঘটনাটিকে অনেকেই সাধারণ শারীরিক সংঘর্ষ হিসেবেই দেখেছেন।
ম্যাচের পর ক্ষোভ চেপে রাখতে পারেননি পচেত্তিনো। তিনি বলেন, “এ প্রশ্নের উত্তর দেয়া কঠিন। সবাই দেখেছে, সেখানে ফাউল দেয়ার কোনো সুযোগই ছিল না। মাঠে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো, তা বোঝা কঠিন।” বিতর্কের এখানেই শেষ নয়। কর্নার থেকে স্পোর্টিং গোলকিপার কাইকের ঘুষিতে বল নিজেদের জালে ঢুকে গেলে ইউনাইটেড তৃতীয় গোলের আশা করে। কিন্তু ভিএআরের পর প্যাট্রিক ডরগুর ফাউলের কারণে গোল বাতিল হয়। এর আগে আমাদ দিয়ালোর গোল বাতিলের মুহূর্তেও রেফারি সিমন মারচিনিয়াক বাঁশি বাজিয়ে দেন। টিয়েলেমানস পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
এর আগে লিভারপুলের বিপক্ষে ৪-০ গোলের হারেও রেফারিং নিয়ে অসন্তোষ ছিল ইউনাইটেড শিবিরে। লেনি ইয়োরো সরাসরি লাল কার্ড দেখেন। অভিযোগ ছিল, আলেক্সান্ডার ইসাককে গোলের সুযোগ থেকে বঞ্চিত করেছেন তিনি। কিন্তু পরে আপিলের মাধ্যমে সেই এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। পচেত্তিনোর প্রশ্ন, ঘটনাটি যখন ভিএআরের মাধ্যমে পর্যালোচনার সুযোগ ছিল, তখন সেটি যথাযথভাবে ব্যবহার করা হলো না কেন? লিভারপুলের বিপক্ষে ডমিনিক সোবোসলাইয়ের ফ্রি-কিক থেকে পাওয়া গোল নিয়েও আপত্তি ছিল ইউনাইটেডের। অভিযোগ, বল শট নেয়ার সময় ব্র্যাডলি বারকোলা ইউনাইটেডের রক্ষণদেয়ালের পাশে অবস্থান করছিলেন। যদিও ব্রুনো ফার্নান্দেসের ধাক্কায় তিনি সেখানে চলে যান বলে দাবি ওঠে। ফুটবলের আইনে এমন পরিস্থিতির ব্যাখ্যা নিয়েও রয়েছে অস্পষ্টতা। পচেত্তিনোর দায়িত্ব নেয়ার আগেও ভিএআর বিতর্কে জড়ায় ইউনাইটেড। সেপ্টেম্বরে ম্যান সিটির বিপক্ষে আর্লিং ব্রুট হালান্দের জয়সূচক গোলটি বৈধ ঘোষণা করে ভিএআর। পরে প্রো রেফের প্রধান হাওয়ার্ড ওয়েব স্বীকার করেন, সিদ্ধান্তটিতে ভুল হয়েছিল। গোলের আগে এনজো ফার্নান্দেজ অফসাইড অবস্থান থেকে বল খেলার চেষ্টা করেন। তবে ইউনাইটেড সব সময় বঞ্চিত হয়েছে, এমনটিও নয়। ইপসউইচ টাউনের বিপক্ষে দলের একমাত্র প্রিমিয়ার লীগ জয়ে হ্যারি ম্যাগুয়ারের হ্যান্ডবলের ঘটনায় গোল বাতিল হয়নি। অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-৪ ড্রতে ডরগুর সমতাসূচক গোল নিয়েও প্রশ্ন ওঠে। ফলে রেফারিংয়ের ভুল দুই দিকেই গেছে।
এই রেফারিং বিতর্কের আলোচনা আপাতত সরিয়ে রেখে পচেত্তিনোর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্রেন্টফোর্ড। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লীগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। লিভারপুলের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর স্পোর্টিংয়ের বিপক্ষে বিতর্কিত মুহূর্তের মধ্য দিয়ে যাওয়া ইউনাইটেডের জন্য এই ম্যাচটি ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ।
তবে কাজটা সহজ হবে না। ব্রেন্টফোর্ড ইতোমধ্যে দেখিয়েছে, আক্রমণাত্মক ফুটবল ও সংগঠিত রক্ষণ দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার সামর্থ্য তাদের রয়েছে। অন্যদিকে ইউনাইটেডের রক্ষণভাগের দুর্বলতা এবং গোলের সুযোগ কাজে লাগাতে না পারার প্রবণতা পচেত্তিনোর দুশ্চিন্তা বাড়াচ্ছে। এই ম্যাচে তাই শুধু তিন পয়েন্ট নয়, নিজেদের হারানো আত্মবিশ্বাসও ফিরে পেতে চাইবে ইউনাইটেড। বিশেষ করে ঘরের মাঠে সমর্থকদের সামনে জয় পাওয়া পচেত্তিনোর জন্য হবে বড় স্বস্তি। লেনি ইয়োরোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তার দলে ফেরার সুযোগও রক্ষণভাগকে বাড়তি শক্তি দিতে পারে।
