ইউরোপে টানা পাঁচ জয়ে রেকর্ড বোর্নমাউথের

ফন্ট সাইজ:

ইউরোপা লীগে স্বপ্নের মতো শুরু বোর্নমাউথের। স্পেনের মাটিতে সেল্টা ভিগোর বিপক্ষে একজন খেলোয়াড় কম নিয়েও ২-১ গোলের জয় তুলে নিলো ইংলিশ ক্লাবটি। তাতে ইউরোপিয়ান প্রতিযোগিতায় অভিষেকের পর টানা পাঁচ ম্যাচ জিতে ইতিহাস গড়লো তারা।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের প্রথম পাঁচ ম্যাচেই জয় পাওয়া প্রথম ইংলিশ ক্লাব এখন বোর্নমাউথ। ইউরোপিয়ান বড় প্রতিযোগিতার ইতিহাসে এমন কীর্তি রয়েছে সাকুল্যে মাত্র তিন দলের। এর আগে ১৯৬১-৬২ মৌসুমে নুরেমবার্গ এবং ১৯৭২-৭৩ মৌসুমে আরারাত এই কৃতিত্ব দেখায়। শুধু ইউরোপেই নয়, সব প্রতিযোগিতা মিলিয়েও দুর্দান্ত ছন্দে রয়েছে বোর্নমাউথ। ক্লাব ইতিহাসে টানা ১০ ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়েছে তারা। প্রিমিয়ার লীগেও পঞ্চম স্থানে রয়েছে দলটি।
ম্যাচের ২৩ মিনিটেই বড় ধাক্কা খায় বোর্নমাউথ। বাজে ট্যাকলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাফোদে দিয়াকিতে। এর কয়েক মিনিট পর ইয়াগো আসপাসের গোলে এগিয়ে যায় সেল্টা। ফলে বিরতিতে এক গোলে পিছিয়ে এবং একজন কম নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বোর্নমাউথ। আমিনে আদলির ক্রস থেকে হেডে সমতা ফেরান আলভারো রদ্রিগেজ। ম্যাচ শেষ হওয়ার ১২ মিনিট আগে বদলি খেলোয়াড় রায়ানের গোলে জয় নিশ্চিত হয় তাদের।
ম্যাচ শেষে আদলি বলেন, ‘আমরা দারুণ মানসিক দৃঢ়তা দেখিয়েছি। গোল হজমের পর, এমনকি লাল কার্ড দেখার পরও নিজেদের ওপর বিশ্বাস হারাইনি।’ তিনি আরও বলেন, ‘ড্রেসিংরুমে কোচ কথা বলার আগেই সবাই বলছিল, আমরা পারবো। প্রত্যেকেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল।’
এ জয়ে ইউরোপা লীগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বোর্নমাউথ। পাশাপাশি নকআউট পর্বে জায়গা করে নেয়ার পথও অনেকটা সহজ করে ফেলেছে তারা।