খুলনায় চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি

ফন্ট সাইজ:

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে একটি তুষকাঠ মিল ও একটি চানাচুর কারখানায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে লবণচরার হঠাৎ বাজার এলাকায় পৃথক এ দু’টি গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে ভোরবেলা সবাই ঘুমিয়ে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠ মিল মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এ ছাড়া হঠাৎ বাজারের পাশে অবস্থিত শামসুর রহমানের চানাচুর কারখানায়ও দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল একই চক্র।

চাঁদা না পেয়ে শুক্রবার ভোরে ওই বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরপর দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররেফ জানান, গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং ভয়ে কেউ মুখ খুলছেন না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একের পর এক গুলি ও নাশকতা ঘটনায় নগরবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।