নারায়ণগঞ্জে সামাদ-হালিম গ্রুপের সংঘর্ষ গুলি ও টেঁটাবিদ্ধসহ আহত ২০

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাদ আলী ও হালিম আজাদ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার বক্তাবলীর আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ইটভাটার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও মাটি বিক্রির কমিশন বাণিজ্য নিয়ে বক্তাবলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর ঘনিষ্ঠ সহযোগী সামাদ আলী এবং ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয়পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষে জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে অন্য জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর আগে গত ১০ই অক্টোবর একই বিরোধের জেরে সংঘর্ষে সামাদ আলীর ছেলে হৃদয় গুলিবিদ্ধ এবং রাজু নামে একজন টেঁটাবিদ্ধ হয়েছিলেন।