হাওরাঞ্চলের দুর্বল নিরাপত্তা ব্যবস্থায় ঘটছে প্রাণহানি

ফন্ট সাইজ:

সংসার চালাইবো কে? একটা ছোট পুত আছে। কী করমু, মাথায় কিছুই কাজ করে না গো। ওর বাপও অসুস্থ। এখন আমরা কী করতাম। ছেলে মোবাশ্বিরের মৃত্যুর পর বুকফাটা কান্নার মধ্যেই কথাগুলো বলছিলেন মা মুনিরা বেগম। যে ছেলে দিনমজুরি করে সংসারের হাল ধরেছিলেন, সেই ছেলেই এখন নিথর দেহ হয়ে ফিরেছেন বাড়িতে। একই গ্রামের আরেক পরিবারেও চলছে শোকের মাতম। পরিবারের উপার্জনের ভরসা মারুফও আর ফিরবেন না। সুরমা নদীতে বালুবাহী নৌকাডুবির তিনদিন পর ভাসমান অবস্থায় পাওয়া গেছে তার মরদেহ। দুই পরিবারের অপেক্ষার অবসান হয়েছে ঠিকই, কিন্তু স্বজন হারানোর শূন্যতা আর সংসার চালানোর অনিশ্চয়তা এখন তাদের সামনে।

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবির এ ঘটনা আবারো সামনে এনেছে হাওরাঞ্চলের মানুষের নিরাপত্তা ও জরুরি উদ্ধারব্যবস্থার দুর্বলতা। যে অঞ্চলের মানুষের জীবন-জীবিকা নদী ও জলাশয়কে ঘিরে, সেই অঞ্চলে দুর্ঘটনার পর নিখোঁজ মানুষকে উদ্ধারে পর্যাপ্ত দক্ষ জনবল ও সরঞ্জাম না থাকার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট এলাকায় সুরমা নদীতে বালুবাহী একটি নৌকা ডুবে যায়। নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলেন। দুর্ঘটনার পর চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মোবাশ্বির (২৫) ও মারুফ (১৮)। তারা দুজনই উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের বাসিন্দা। নৌকাডুবির প্রায় দুই দিন পর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মোবাশ্বিরের মরদেহ উদ্ধার করা হয়। এর পরের দিন শুক্রবার ৯টার দিকে ভাসমান অবস্থায় পাওয়া যায় মারুফের মরদেহ। মোবাশ্বিরের মা মুনিরা বেগমের কথায় ফুটে উঠেছে একটি পরিবারের অসহায় বাস্তবতা। সংসারে অসুস্থ স্বামী ও ছোট সন্তান রয়েছে। ছেলের আয়ে চলতো পরিবারের অনেক প্রয়োজন।

এখন সেই সংসারের দায়িত্ব কে নেবেন, তা ভেবে দিশাহারা তিনি। মোবাশ্বিরের বোন ফরিদা বেগমও ভাইকে হারিয়ে ভেঙে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এখানে সবই আছে, আমার ভাই নাই গো। আমার ভাইরে আইন্না দেও। আমার ভাইরে ছাড়া আমরা কেমনে থাকমু। ইনাতনগর গ্রামের এই দুই তরুণই ছিলেন দিনমজুর। প্রতিদিনের শ্রমে যা আয় করতেন, তা দিয়েই চলতো পরিবারের খরচ। তাদের মৃত্যুতে স্বজনেরা হারিয়েছেন প্রিয় মানুষকে, একই সঙ্গে হারিয়েছেন সংসারের উপার্জনের অন্যতম অবলম্বন। বেহেলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, ‘রাত দুইটার দিকে আমরা খবর পাইছি নৌকায় ছয়জন শ্রমিক ছিল। নৌকাডুবির পর চারজন জীবিত অবস্থায় বের হইছে, আর দুইজন নিখোঁজ হয়। ইনাতনগরের নিখোঁজ দুইজনই দিনমজুর মানুষ, দিন আনে দিন খায়। তাদের পরিবারের কথা বিবেচনা করে প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতার আবেদন জানিয়েছি।’ স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাটিতে প্রায় ৬৫০ ঘনফুট বালু বোঝাই ছিল। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, থানা-পুলিশ ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়।

পরে সিলেট থেকে একজন দক্ষ ডুবুরি আনা হয়। দীর্ঘ অনুসন্ধানেও নৌকার ভেতরে নিখোঁজ শ্রমিকদের সন্ধান পাওয়া যায়নি। পরবর্তী সময়ে স্থানীয় ডুবুরিদের সহায়তায় মোবাশ্বিরের মরদেহ উদ্ধার করা হয়। মারুফের মরদেহ পাওয়া যায় পরদিন ভাসমান অবস্থায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, হাওরাঞ্চলের গুরুত্বপূর্ণ জলপথে দুর্ঘটনা মোকাবিলার জন্য স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত দক্ষ ডুবুরি ও প্রয়োজনীয় সরঞ্জাম নেই। জামালগঞ্জ কিংবা সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে দক্ষ ডুবুরি না থাকায় একজন ডুবুরিকে সিলেট থেকে আনতে হয়েছে। এতে উদ্ধার অভিযানের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। হাওরাঞ্চলে প্রতিদিন অসংখ্য নৌকা, ট্রলার ও কার্গো চলাচল করে। ধান, বালু, পাথরসহ বিভিন্ন পণ্য পরিবহনে এসব নৌযানে কাজ করেন বিপুলসংখ্যক শ্রমিক। তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা থাকা জরুরি।