অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি দেশীয় বন্দুক দিয়ে বিএনপি নেতা সামছুল আলম সোহেলকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, পুলিশ প্রথমে এসে পুরো ঘর তল্লাশি করেও কিছু পায়নি। এমন শর্তে সাদা কাগজে স্বাক্ষরও নেয়। এরপর তারা চলেও যাচ্ছিল। কিছুদূর গিয়ে মোবাইলফোনে কারও একজনের কল পেয়ে ফের ফিরে আসে পুলিশ। পরে ঘরের বাইরে থাকা একটি টয়লেটের ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করে তারা। পরে ওই অস্ত্র সোহেলের দাবি করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। শুক্রবার সকালে উপজেলার দেড়পাড়া এলাকায় করিম উদ্দিন মোল্লা বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সোহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা, প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার, বোন দিলরোজ বেগম হাসি এসব অভিযোগ করেন। তবে সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, অস্ত্র উদ্ধারসহ সোহেলকে আমরা গ্রেপ্তার করেছি।

তিনি কারাগারে আছেন। মামলাটির তদন্ত চলমান রয়েছে। অভিযোগ অনেক ধরনেরই থাকে। ফাঁসানো হয়েছে কিনা তা তদন্ত শেষে বলা যাবে। ভুক্তভোগী সোহেল চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক ও করিম উদ্দিন মোল্লা বাড়ির অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার জাহাঙ্গীর আলমের ছেলে। বিএনপি নেতা সোহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা ও প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার জানায়, ২৩শে নভেম্বর রাতে ঘরে দুই সন্তানসহ সোহেল ও তার স্ত্রী আয়েশা ঘুমিয়ে ছিলেন। রাতে পুলিশ এসে দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করে। পুলিশের ডাকাডাকিতে কোনো ভাবেই তারা দরজা খুলছিল না। পরে পাশের ঘর থেকে সোহেলের জেঠি ফাতেমা এসে পুলিশ সদস্যদের আসার কারণ জানতে চায়। তারা ঘর তল্লাশি করবে জানালে তিনি তল্লাশির কারণ জানতে চান। কিন্তু পুলিশ কারণ বলেনি। পরে ফাতেমার আশ্বাসে সোহেল দরজা খোলে।

পুলিশ ঘর তল্লাশি করে কিছু না পেয়ে সাদা কাগজে উপস্থিত সবার স্বাক্ষর নিয়ে চলে যায়। কিছুদূর যেতেই পুলিশের দায়িত্বরত কর্মকর্তার মোবাইলফোনে কল আসে। এতে তারা ফের ফিরে গিয়ে ঘরের বাহিরে পূর্ব পাশের টয়লেটের ছাদ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করে। ওই বন্দুক সোহেলের দাবি করে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এসব ঘটনায় সোর্সকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন স্বজনরা। সোহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে বন্দুক দিয়ে ফাঁসানো হয়েছে। বন্দুকটি তার নয়, সে কখনো কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত হয়নি। আমার দু’টি সন্তান নিয়ে এখন আমি খুব আতঙ্কে রয়েছি।

আমরা অসহায় হয়ে পড়েছি। সোহেলের জেঠি ফাতেমা আক্তার বলেন, সোহেলের সঙ্গে কয়েকজনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে সেখান থেকেই ষড়যন্ত্র করে কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে। চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ জানায়, সোহেল ওয়ার্ড বিএনপি’র নেতা। তার আচার-আচরণে কখনো খারাপ কিছু দেখা যায়নি। যেকোনো কারণে তাকে ফাঁসানো হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্ত করার দাবি জানান তারা।