বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আবারো রণক্ষেত্রে পরিণত হয়েছে ফেনীর দাগনভূঞা। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটে। জ্বালিয়ে দেয়া হয়েছে তিনটি মোটরসাইকেল। এ সময় পরিবেশমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা ৫টার দিকে দাগনভূঞা পৌরসভার বিএনপি অধ্যুষিত খ্যাত আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় দুইজনকে চট্টগ্রাম ও চারজনকে ফেনী হাসপাতালে পাঠানো হয়। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এরমধ্যে বাসুর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান চিকিৎসক। আহতরা হলেন- জুয়েল (৩৬), জহিরুল হক রুবেল (৩০), আমজাদ হোসেন টিপু (৩৫), মোশাররফ হোসেন ফয়সাল (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম রাজু (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় (২৫), রুবেল (৩০), বাশার (৩২), মোহাম্মদ হৃদয় (২৩), এয়াকুব আলী (৩১) ও বাসু (২১)। সংঘর্ষের পর থেকে মোহাম্মদ ছোটন নামে যুবদলের এক কর্মী নিখোঁজ থাকার দাবি করেন তার সহকর্মীরা। আহতদের মধ্যে শিবলু ও জুয়েলকে আটক করে রাজু ও জসিম জোরপূর্বক মন্ত্রীর বাড়িতে হামলার শিকারোক্তি নেয়ার অভিযোগ করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের সময় হঠাৎ করে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও চিৎকার শুনতে পান। এ সময় শতাধিক মানুষকে দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা যায়। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রসহ ভারী অস্ত্র প্রদর্শন হয়েছে বলে জানান স্থানীয়রা। আহতদের মধ্যে কয়েকজন জানান, ৩০ মোটরসাইকেলে করে ফেনী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিকের অর্ধ শতাধিক কর্মী পূর্বচন্দ্রপুর ইউনিয়ের আমুভূঞার হাটে যুবদলের এক বৈঠকে যাচ্ছিলেন। পথে আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রীর বাড়ির উত্তর দিকে সূর্যের হাসি ক্লিনিক মোড়ে পৌঁছালে চারদিক থেকে হামলা করে। শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিনের নেতৃত্বে রাজু, হৃদয়সহ ৫০ থেকে ৬০ জন এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কয়েকজনকে আহত করে। কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বলেও অভিযোগ করেন আহতরা। দাবি করেন শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়া হয়।
ভাঙচুর করা হয় আরও ১০টি। হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিন দাবি করেন অস্ত্রে সজ্জিত অর্ধ শতাধিক লোক মন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা করলে এলাকাবাসী প্রতিহত করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এতে দুই পক্ষের লোকজনই আহত হন। ককটেল বিস্ফোরণের জন্য ফটিক গ্রুপকে দায়ী করেন জসিম। এদিকে, জামশেদুর রহমান ফটিক বলেন, নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। বিনা উস্কানিতে তার কর্মীদের ওপর জসিমের নেতৃত্বে হামলার অভিযোগ করেন ফটিক। তিনি দাবি করেন ঘটনাস্থল থেকে মন্ত্রীর বাড়ি অনেক দূরত্ব। উনার বাড়িতে হামলার কোনো কারণ নেই। অন্যদিকে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক আকবর হোসেন বলেন, তার বাড়িতে হামলা করতে গেলে স্থানীয়রা প্রতিহত করে। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ ঘটে। আর দাগনভূঞা থানার ওসি তদন্ত ফেরদৌসী বেগম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার রাতে গজারিয়া রোডে মোহাম্মদ ইসমাইল হোসেন নামে শ্রমিক দলের এক নেতাকে মারধর করা হয়।
