সরাইলে গাছের মগডালে জ্ঞান হরিয়ে আটকে যায় যুবক, ৩ ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার

সরাইলে গাছের মগডালে জ্ঞান হরিয়ে আটকে যায় যুবক, ৩ ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাল কাটতে উঠে জ্ঞান হারিয়ে গাছের মগডালে আটকে যায় রাসেল মিয়া (৩০) নামের এক যুবক। চরম হতাশা ও শঙ্কায় পড়ে যান পরিবার-গ্রামবাসী। করুণ এই দৃশ্য দেখতে কয়েক মিনিটের মধ্যে শত শত নারী-পুরুষ জড়ো হন গাছের নিচে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এ ঘটনা ঘটে। তিন ঘণ্টার শ্বাসরুদ্ধকর প্রচেষ্টায় নিরাপদে ওই যুবককে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, গত বৃহস্পতিবার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া-কালীকচ্ছ সড়কের পাশে কাটানিশার এলাকায় একটি বড় গাছের ডাল কাটতে মগডালে উঠে যুবক রাসেল। রাসেল ওই গ্রামের প্রয়াত মফিজ মিয়ার ছেলে। ডাল কাটার একপর্যায়ে গাছের উপরই জ্ঞান হারিয়ে ফেলেন ওই যুবক। গাছের ডালে আটকে যাওয়ায় সঙ্গের লোকজন রাসেলকে আর নিচে নামাতে পারছিলেন না।

স্থানীয় লোকজন কয়েকদফা চেষ্টা করে ব্যর্থ হন। বিষয়টি জানাজানি হলে কয়েক মিনিটের মধ্যে কয়েকশত নারী পুরুষ ওই গাছের নিচে ভিড় করতে থাকেন। খবর দিলে সরাইল ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রায় ৩ ঘণ্টার চেষ্টার পর তারা অচেতন ওই যুবককে মগডাল থেকে নিরাপদে উদ্ধার করে নামিয়ে আনতে সক্ষম হন। পরে স্থানীয়দের সহায়তায় রাসেলকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে রাসেল সেখানে চিকিৎসাধীন আছে। সরাইল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইদ্রিস আলী শেখ জ্ঞান হারিয়ে ডালে আটকে থাকায় উদ্ধার অভিযানটি একটু জটিল হয়েছে। তারপরও আমাদের দলের সদস্যদের দক্ষতায় নিরাপদে রাসেলকে উদ্ধার করতে পেরেছি। এটাই বড় প্রাপ্তি।