আজ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন

চায়ের রাজ্যে উৎসবের আমেজ

আজ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন

ফন্ট সাইজ:

আজ সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে দীর্ঘ প্রায় ৯ বছর পর ভোট দেবেন চা শ্রমিকরা। চা শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। শনিবার মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম, হবিগঞ্জ, রাঙ্গামাটিসহ দেশের ৫টি জেলার, ২০টি উপজেলার বাগান পঞ্চায়েত, ৭টি ভ্যালি (অঞ্চল) ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভোট ২৩০টি (চা বাগান) কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। ১ লাখ ৩৯ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রদান করবেন। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় মোট ১৩৫টি বাগান পঞ্চায়েতের অধীনে ৬০ হাজার ৪৯২ জন ভোটার রয়েছেন। এবারের নির্বাচনে সভাপতি পদে দু’টি এবং সাধারণ সম্পাদক পদে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া শেষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেবার হাউজে পাঁচটি প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ সার্বিক কল্যাণে বিভিন্ন প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজু গোয়ালা ও পঙ্কজ কন্দ। রাজু গোয়ালার প্যানেলে কার্যকরী সভাপতি পদে শিমুল কর্মকার, সহ-সভাপতি পদে মিঠুন কালোয়ার এবং পুরুষ সহ-সভাপতি পদে মিঠুন সিং। পঙ্কজ কন্দের প্যানেলে কার্যকরী সভাপতি পদে জেসমিন আক্তার, পুরুষ সহ-সভাপতি পদে নির্মল পাইনকা এবং নারী সহ-সভাপতি পদে সুভদ্রা মুণ্ডা। সাধারণ সম্পাদক পদে লড়ছেন- নিপেন পাল, পরেশ কালেন্দী ও মুখেশ কর্মকার। নিপেন পালের প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে হারুনুর রশিদ, সহ-সম্পাদিকা পদে রেখা বাগতী এবং অর্থ সম্পাদক পদে অমর গোয়ালা। পরেশ কালেন্দীর প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দনা বাউরী, সহ-সম্পাদিকা পদে বৃন্দা বাউরী এবং অর্থ সম্পাদক পদে স্বপন গোয়ালা।

মুখেশ কর্মকারের প্যানেলে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে সঞ্জয় চৌহান, সহ-সম্পাদিকা পদে সোনামনি তাঁতি এবং অর্থ সম্পাদক পদে সনৎ গোয়ালা। নির্বাচনী বিধি অনুযায়ী, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রধান প্রার্থীদের দেয়া ভোট সংশ্লিষ্ট প্যানেলের অন্য সদস্যদের পক্ষেও গণ্য হবে। নির্বাচন শেষে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক প্যানেলের সদস্যদের পাশাপাশি সাতটি ভ্যালি থেকে যোগ্য নেতাদের অন্তর্ভুক্ত করে ৩০ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। ভোটাররা বলছেন, যে প্যানেল তাদের ইশতেহারে ইউনিয়নের নিয়মিত কার্যক্রম ও নির্বাচন, আর্থিক স্বচ্ছতা, শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও ন্যায্য মজুরির দাবিকে বেশি গুরুত্ব দেবেন- শ্রমিকরা তাদেরকেই বিজয়ী করবেন। এদিকে, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন-২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টরা।