গাঁজা সেবনে ৩ জনের কারাদণ্ড

ফন্ট সাইজ:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলো- বাগানঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে ইমাম হোসেন (৩০), আব্দুর রশিদের ছেলে শহিদুল ইসলাম প্রকাশ ময়না (২২) এবং মো. আলাউদ্দিনের ছেলে আব্দুল্লাহ (১৮)। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ওই তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এনামুল হাসানের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ইমামকে ৩ দিন, শহিদুলকে ১০ দিন এবং আব্দুল্লাহর ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।