কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে নিজেদের সৃজনশীল কাজ ও জীবিকা হারানোর আশঙ্কায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ছাড়ছেন শিল্পীরা। বিশেষ করে মেটার প্রস্তাবিত নীতিমালা নিয়ে উদ্বেগ বাড়ার পর এ প্রবণতা জোরালো হয়েছে। শিল্পীদের আশঙ্কা, তাদের অনুমতি ছাড়াই ছবি, ভিডিও ও অন্যান্য সৃজনশীল কাজ সংগ্রহ করে এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হতে পারে। পরে সেই প্রযুক্তি দিয়েই তৈরি হতে পারে তাদের কাজের অনুকরণ কিংবা বিকল্প।
যুক্তরাজ্যের জলরঙশিল্পী ম্যাটি বার্নহ্যামের অভিজ্ঞতা এই উদ্বেগের একটি উদাহরণ। ২০২৪ সালে পিন্টারেস্টে তিনি এমন একটি অ্যাকাউন্ট খুঁজে পান, যেখানে তার জলরঙের ছবির এআই সংস্করণ তৈরি করে বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়া হচ্ছিল। এসব পণ্য শপিফাইয়ের পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামের ভুয়া প্রোফাইলের মাধ্যমেও প্রচার করা হচ্ছিল।
বার্নহ্যাম অ্যাকাউন্টটির অবস্থান শনাক্ত করতে পেরেছিলেন। সেটি ছিল ভিয়েতনামের হো চি মিন সিটিতে। তবে এর পেছনে কারা কাজ করছিল, তা জানতে পারেননি তিনি।
বার্নহ্যামের মতে, এআই দিয়ে তৈরি নকল শিল্পকর্ম এখন মূল শিল্পীদের ব্যবসার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বিশেষ করে মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামে এ ধরনের তৎপরতা বাড়ছে।
তিনি বলেন, “এআই দিয়ে তৈরি শিল্পকর্মের প্রোফাইলগুলো ফেসবুক থেকে আয় করছে। এসব প্রোফাইলের লাখ লাখ অনুসারী রয়েছে, যারা মনে করেন এগুলোই আসল শিল্পীর অ্যাকাউন্ট। পরে ব্যবহারকারীদের এমন বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, যেখানে বিজ্ঞাপন দেখানো হয়।”
এ পরিস্থিতিতে অনেক স্বতন্ত্র শিল্পী ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেটার অন্যান্য প্ল্যাটফর্ম থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন। কেউ সাময়িকভাবে পোস্ট দেয়া বন্ধ করেছেন, কেউ অ্যাকাউন্ট মুছে ফেলছেন। আবার কেউ প্যাট্রন ও সাবস্ট্যাকের মতো বিকল্প অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের কাজ ও অনুসারীদের নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
মেটার নীতিমালা নিয়ে আপত্তি
শিল্পীদের উদ্বেগের কেন্দ্রে রয়েছে মেটার প্রস্তাবিত সেবার শর্তাবলি। তাদের আশঙ্কা, নতুন নিয়ম কার্যকর হলে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে ব্যবসায়িক অ্যাকাউন্টের মালিকদের অনুমতি ছাড়াই বাইরের ওয়েবসাইট থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। এর মধ্যে ব্যক্তিগত পোর্টফোলিও, অনলাইন স্টোর এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের ব্যবসায়িক অ্যাকাউন্টের লিংকও রয়েছে।
শিল্পীদের আশঙ্কা, তাদের ছবি, শিল্পকর্ম ও নিজস্ব সৃজনশৈলী সংগ্রহ করে জেনারেটিভ এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হতে পারে। পরবর্তী সময়ে এসব মডেল দিয়ে মূল শিল্পীদের কাজের অনুকরণে নতুন ছবি তৈরি করা সম্ভব হবে। এতে তাদের ব্যবসা ও আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রস্তাবিত শর্তাবলি প্রথমে ৩০ অক্টোবর কার্যকর হওয়ার কথা ছিল। পরে সময় পিছিয়ে ২০ নভেম্বর নির্ধারণ করা হয়। তবে ৫ নভেম্বর মেটা জানায়, পরিবর্তনগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে।
মেটার এক মুখপাত্র বলেন, “সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে। বিষয়টি যথাযথভাবে সম্পন্ন করতে আমরা সময় নিচ্ছি। তাই পরিবর্তনগুলো আপাতত স্থগিত রাখা হচ্ছে। এ সময় বিদ্যমান শর্তাবলিই কার্যকর থাকবে।”
তবে শর্তাবলি কার্যকরের সময় পিছিয়ে গেলেও শিল্পীদের উদ্বেগ কমেনি। অনেকেই এরই মধ্যে মেটার প্ল্যাটফর্ম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসনে অবস্থিত ‘ডাচার ফটোগ্রাফি’র সহমালিক সামান্থা ওয়ালড্রন সিএনএনকে জানান, চলতি মাসের শুরুতে তিনি নিজের সব ব্যবসায়িক ও ব্যক্তিগত ফেসবুক পেজ মুছে ফেলেছেন। পাশাপাশি ইনস্টাগ্রামের ব্যবসায়িক অ্যাকাউন্টগুলো ব্যক্তিগত অ্যাকাউন্টে রূপান্তর করেছেন। অধিকাংশ পোস্ট মুছে ফেলার পাশাপাশি মেটা অ্যাকাউন্টের বায়ো থেকে বাইরের ওয়েবসাইটের লিংকও সরিয়ে নিয়েছেন।
‘মেটা ছাড়ার সিদ্ধান্ত আস্থার সংকটের ফল’
যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায় অবস্থিত ‘কাউগার্ল আর্টিস্টস অব আমেরিকা’র প্রতিষ্ঠাতা মেগান উইম্বার্লিও তার সব মেটা অ্যাকাউন্ট বন্ধ করার প্রক্রিয়ায় রয়েছেন। তার মতে, নতুন শর্তাবলি শিল্পীদের সঙ্গে মেটার সম্পর্কের আস্থার জায়গাটিকে বড় ধরনের ধাক্কা দিয়েছে।
উইম্বার্লি মনে করেন, সম্ভাব্য এআই ডেটা সংগ্রহের ঝুঁকি শুধু শিল্পীদের জন্য নয়, সাধারণ ব্যবহারকারীদের জন্যও উদ্বেগের বিষয়। কারণ ব্যক্তিগত ছবি, ভিডিও ও অডিওও এআই প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রস্তাবিত নীতিমালার প্রতিবাদে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত মেটার প্ল্যাটফর্মগুলোতে নিষ্ক্রিয় থাকার কর্মসূচিও পালন করেন শিল্পীদের কেউ কেউ। এ সময় তারা কোনো পোস্ট বা কনটেন্ট শেয়ার করেননি।
উইম্বার্লি জানান, ২২ অক্টোবর তিনি ‘মেটা ব্ল্যাকআউট’ নামে একটি প্রচারণা শুরু করেন, যা পরে অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে।
দ্য গিল্ড অব আর্টিস্টস অ্যান্ড আর্টিসানসের আর্টিস্টস রিলেশনস ডিরেক্টর নিকোল ম্যাককে জানান, এআই প্রশিক্ষণসংক্রান্ত নীতিমালা পরিবর্তনের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের অনেক শিল্পী মেটার প্ল্যাটফর্ম থেকে নিজেদের সরিয়ে নিতে শুরু করেছেন। মেটার রাজনৈতিক অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করে অনেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিদায়বার্তা দিয়েছেন।
নকল শিল্পকর্মে বিপাকে মূল শিল্পীরা
শিল্পীদের অভিযোগ, এআই দিয়ে তৈরি নকল শিল্পকর্মের কারণে অনলাইনে তাদের কাজের পরিচিতি ও স্বকীয়তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে প্রকৃত শিল্পী ও এআই দিয়ে তৈরি কাজের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে। ফলে ক্রেতা ও দর্শকদের কাছে পৌঁছানোর কৌশলও বদলাতে হচ্ছে তাদের।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টারের সমকালীন শিল্পী অ্যান্ড্রু স্কট জানান, গত সেপ্টেম্বরে তার কাজ নকল করার অভিযোগে তিনি এক এআই আর্ট নির্মাতাকে সরাসরি বার্তা পাঠিয়েছিলেন।
স্কটের দাবি, ওই ব্যক্তি স্বীকার করেছিলেন যে এআই দিয়ে তৈরি শিল্পবিষয়ক ভিডিও বানানোর প্রাথমিক উপকরণ হিসেবে তিনি স্কটের মৌলিক কাজ ব্যবহার করেছেন। পরে ওই ব্যক্তি ইনস্টাগ্রামে এআই দিয়ে তৈরি ভিডিওগুলো প্রকাশ করেন। এতে অনেকের কাছে এমন ধারণা তৈরি হয় যে মূল শিল্পকর্মটি তিনিই তৈরি করেছেন।
স্কট জানান, তার কাজের এআই সংস্করণসংবলিত একটি পোস্টে পাঁচ কোটি ভিউ হয়েছিল। এসব নকল সংস্করণ তার ব্যবসার ক্ষতি করতে পারে—এ বিষয়টি তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু ওই ব্যক্তি তাকে ইনস্টাগ্রামে আনফলো করলেও এআই প্রম্পট ব্যবহার করে নকল কাজ তৈরি অব্যাহত রেখেছেন বলে অভিযোগ স্কটের।
কানাডার মৃৎশিল্পী ন্যান্সি চেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। এসব ভিডিওতে বিক্রির জন্য তৈরি পণ্য কীভাবে বানানো হয়, তা দেখানো হয়। তবে তার আশঙ্কা, এসব ভিডিওও এআই মডেল প্রশিক্ষণের উপকরণ হিসেবে ব্যবহৃত হতে পারে।
চেন জানান, সম্প্রতি মেটার প্ল্যাটফর্মে নিজের কাজের নিখুঁত ও পরিচ্ছন্ন ছবি প্রকাশের বিষয়ে সতর্ক হয়েছেন। যদিও এখনো প্ল্যাটফর্মগুলো পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেননি।
শিল্পীদের সুরক্ষায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন
এতসব উদ্যোগের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কাজ প্রকাশ করা উচিত কি না, তা নিয়ে দ্বিধায় রয়েছেন অনেক শিল্পী।
বার্নহ্যামের মতে, শিল্পীদের সুরক্ষায় যথেষ্ট পদক্ষেপ নেওয়া হবে—এমন বিশ্বাস তাঁর নেই। তিনি বলেন, “যুক্তরাজ্য সরকার শিল্পীদের সুরক্ষা দেওয়ার চেয়ে লাভজনক প্রযুক্তি স্টার্টআপগুলোকে সীমাবদ্ধ না রাখার বিষয়েই বেশি উদ্বিগ্ন বলে মনে হচ্ছে। আমার আশা, সাধারণ মানুষ বর্তমান মডেলের জেনারেটিভ এআই প্রত্যাখ্যান করা অব্যাহত রাখবে।
তবে যুক্তরাজ্যের ডিজিটাল, সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, সরকার সৃজনশীল শিল্পী, সংশ্লিষ্ট খাতের সংগঠন এবং এআই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাপক আলোচনা চালাচ্ছে।
তিনি বলেন, “আমরা বিষয়টি নিয়ে সঠিক পথ খুঁজে বের করতে সময় নিচ্ছি। সৃজনশীল শিল্প এবং এআই খাত—কোনোটির জন্যই কার্যকর নয়, এমন কোনো পদক্ষেপ নিয়ে আমরা এগোব না।”
