দশ দেশের ইসলামী স্কলারদের পদচারণায় শেষ হলো আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন

দশ দেশের ইসলামী স্কলারদের পদচারণায় শেষ হলো আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন

ফন্ট সাইজ:

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের আয়োজনে আশুলিয়ার বাইপাইলে দু’দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন-২০২৬ শুক্রবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির নিজস্ব ক্যম্পাসে মহাসম্মেলনের আনুষ্ঠানিক সূচনা ঘটে সকাল থেকেই বাইপাইল সম্মেলনস্থল ও আশপাশের এলাকায় হাজারো মানুষের ঢল নামে। বিশ্বের দশটি দেশের ইসলামী স্কলার এবং দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ এক মিলনমেলায় রূপ নেয়। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশুদ্ধ তাওহিদ ও সুন্নাহ্‌র প্রচার, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

সম্মেলনের দ্বিতীয় দিন গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উপদেষ্টা আলহাজ মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। আরও উপস্থিত ছিলেন- কুয়েতের ইসলামী শিক্ষা অধিদপ্তরের প্রধান গবেষক এবং মসজিদে আয়েশা আল-মিহরীর ইমাম ও খতিব শাইখ ড. মুহাম্মদ হিশাম ত্বহিরী, ইন্দোনেশিয়ার দারুল ঈমান ফাউন্ডেশনের পরিচালক শাইখ মুহাম্মদ এলভী শাম বিন শামসী, মালয়েশিয়ার শেখ সৈয়দ সিরাজুদ্দীন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাইখ আমীর ফিকরী বিন মুহাম্মদ শাকুর এবং একই বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ অ্যাপ্লায়েড সুন্নাহ্‌র পরিচালক শাইখ মুহাম্মদ রাসফান সাজ্জারিন বিন মুহাম্মদ সোফি। এ ছাড়া মারকাযী জমঈয়তে আহলে হাদীস নেপালের ডেপুটি নাযিম শাইখ জামাল আহামাদ মিয়া শাহ সিরাজী সালাফী ঝাঙনগরী, ঢাকায় অবস্থিত সৌদি আরব দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে শাইখ মোবারাক বিন আমেক আল আনাযী, মারকাযী জমঈয়তে আহলে হাদীস পাকিস্তানের নায়েবে আমীর শাইখ ড. আব্দুল গফুর রাশেদ এবং একই সংগঠনের কোষাধ্যক্ষ শাইখ আফজাল মুহাম্মদ ফায়সাল অনুষ্ঠানে অংশ নেন। ভারতের জনপ্রিয় আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্রাদার রাহুল হুসাইন (রুহুল আমীন) এবং ইইহাউট তুরাছের উত্তরা আঞ্চলিক অফিস ঢাকার সাবেক ডাইরেক্টর শাইখ আব্বাস বিন ইব্রাহীমও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে আলহাজ মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেন, সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে এ ধরনের মহাসম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশুদ্ধ তাওহিদ ও সুন্নাহ্‌র আলো মানুষের মাঝে ছড়িয়ে দিলে সমাজ আরও সুশৃঙ্খল ও কল্যাণমুখী হয়ে উঠবে। দশটি দেশের ইসলামী স্কলার ও অতিথিদের এই সম্মিলন পারস্পরিক ভ্রাতৃত্ব ও সমপ্রীতিকে আরও দৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দু’দিনব্যাপী এই মহাসম্মেলনে সভাপতিত্ব করেন- বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কোরআন ও সহীহ্‌ সুন্নাহ্‌র আলোকে জীবন গড়ার আহ্বান নিয়ে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বিশ্বের দশটি দেশের ইসলামী স্কলার ও হাজারো ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলন সার্থক হয়েছে বলে তিনি উল্লেখ করেন।