সেতু হলে পাল্টে যেতো চিত্র, কিন্তু...

সেতু হলে পাল্টে যেতো চিত্র, কিন্তু...

ফন্ট সাইজ:

নদীর এপারে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, ওপারে কিশোরগঞ্জের অষ্টগ্রাম। সেতু হয়ে গেলে পাল্টে যেতো হাওরের যোগাযোগ ব্যবস্থার চিত্র। কিন্তু সেতু বানানোর কাজ অর্ধেক করে উধাও হয়েছেন ঠিকাদার। এতে ফিকে হয়ে গেছে হাওরের হাজার হাজার মানুষের স্বপ্ন। অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা। কিশোরগঞ্জের হাওরের এই ৩ উপজেলার মানুষের ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে সহজে যাতায়াতের ব্যবস্থা করতেই এই সেতু নির্মাণ করা হচ্ছিলো। অষ্টগ্রামের বাঙ্গালপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মানুষ জানান, কয়েক মাস আগে হঠাৎ বন্ধ হয়ে যায় সেতুর নির্মাণকাজ। ঠিকাদারের সাইড অফিস থেকে চলে যান কাজে নিয়োজিত লোকজন। মালামালও সরিয়ে নেয়া হয়। সরজমিন দেখা গেছে মেঘনা নদীর দু’পাশে ফসলের মাঠে পিলারগুলো দাঁড়িয়ে আছে। সেতু নির্মাণের ঠিকাদারের সাইড অফিসে গিয়ে বারেক নামে একজন ড্রাইভারকে পাওয়া যায়। তিনি জানান- দু’-তিন মাস ধরে কাজ বন্ধ। সবাই ঢাকায়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, তমা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান ১৭৭ কোটি টাকায় ১ হাজার মিটার দীর্ঘ এই সেতু নির্মাণের কাজ করছিল। ২০২২ সালের নভেম্বর কাজটি শুরু করে তারা। এরপর ২০২৬ সালের মাঝামাঝি সময়ে পাততাড়ি গুটিয়ে নেয়। সেতুর পাশাপাশি হাওরের ওই তিন উপজেলার মানুষের চলাচলের সুবিধার জন্য সড়ক ও জনপথ থেকে ৩৮ কিলোমিটার সড়কও নির্মাণ করা হয়েছে। অপেক্ষা ছিল সেতু নির্মাণের। নোয়াগাঁও গ্রামের মো. কুছুম উদ্দিন জানান, ঠিকাদার কাজ ছেড়ে পালায় গেছে। সেতুটি হলে তাদের সবক্ষেত্রেই ভালো হতো। কিশোরগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে চলাচলে তাদের সুবিধা। এখান থেকে কিশোরগঞ্জ যেতে তাদের দিন পেরিয়ে যায়। আর সেতু হলে নাসিরনগর থেকে সরাইল হয়ে ঢাকা যেতে পারবে তারা তিন থেকে চার ঘণ্টায়। মো. জহির উদ্দিন বলেন, রাস্তা নাই বলে এদেশের মানুষের দুর্ভোগ বেশি। প্রেগনেন্ট মহিলা বা অসুস্থ মানুষদের নদীপথে নাসিরনগর নিয়ে যেতে হয় তাদের। আলমগীর জানান, এদিক দিয়ে রাস্তা হলে একদম কাছে। দ্রুত ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকায় যেতে পারতাম। নদীভাঙন তাদের বড় সমস্যা বলেও জানান তিনি।

রাস্তাও ভেঙে গেছে নদীভাঙনের কারণে। কিশোরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, হাওরের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সেতু। তারা কাজ বাতিল করে রিমেনিং স্টিমিট (অবশিষ্ট কাজের আনুমানিক হিসাব) পাঠিয়েছেন। হয়তো আগামী সপ্তাহের ভেতরে অনুমোদন পাবো। তারপর টেন্ডারে যাবো। আগে যা কাজ হয়েছে তাতে ৫৩ কোটি টাকা বিল পরিশোধ করা হয়েছে। তিনি বলেন, মেইনলি হাওরের ৩ উপজেলা এর সুবিধা পাবে। ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে কানেক্ট হবে। তাদের কিশোরগঞ্জ আসতে হবে না, ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা যেতে পারবে। এসব উপজেলা থেকে কিশোরগঞ্জ যেতে অনেক সময় দরকার। দু’টি নদী পার হতে হবে। এদিকে অলওয়েদার এখনো হয়নি। শুকনো মৌসুমে সাবমারসিবল রাস্তা যেগুলো শুকিয়ে যায় তা দিয়ে আসতে হবে। বর্ষার সিজনে তো পানি। আর যদি নাসিরনগর দিয়ে যায় তাহলে সারা বছরই ভালোভাবে চলাচল করতে পারবে। তাছাড়া ৩ উপজেলা কানেক্টিং রাস্তা আছে। সেটি রোডস করেছে।