৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসের আগুন

দেশীয় প্রযুক্তিতে সাশ্রয় শতকোটি টাকা

৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসের আগুন

ফন্ট সাইজ:

টানা ৩১ দিন ধরে জ্বলছিল আগুন। দিন-রাত আতঙ্কে ছিলেন স্থানীয় বাসিন্দারা। নানা পরীক্ষা-নিরীক্ষা, দীর্ঘ প্রস্তুতি ও কারিগরি প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে পরিত্যক্ত নলকূপ থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসের এই আগুন শুক্রবার সকালে চূড়ান্ত অভিযানে নিয়ন্ত্রণে আনা হয়। দেশীয় প্রযুক্তিতে পরিচালিত এ অভিযানে বড় ধরনের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জন করেছে দেশের জ্বালানি খাত। বাপেক্স সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকালে আগুন নিয়ন্ত্রণের মূল অভিযান শুরু করা হয়। তবে আলোকস্বল্পতার কারণে সন্ধ্যায় কার্যক্রম স্থগিত রাখতে হয়।


শুক্রবার সকাল ৭টায় পুনরায় অভিযান শুরুর উদ্যোগ নেয়া হলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে যায়। পরে ত্রুটি সারিয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং কেসিং ও ড্রিলিং পাইপ প্রস্তুত শেষে সকাল ৯টার দিকে আবার অভিযান শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী গভীরে পাইপ স্থাপন করে উচ্চচাপে বিশেষ কাদামিশ্রিত তরল প্রবেশ করিয়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের কাজ করা হয়। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। বাপেক্স সূত্রে আরও জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে গত ১৪ দিন ধরে কাজ করছিল সংস্থাটির ৫৫ সদস্যের একটি দল। ২০ কর্মকর্তার তত্ত্বাবধানে দিন-রাত প্রস্তুতি ও কারিগরি কার্যক্রম পরিচালিত হয়। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৯ ঘণ্টাই চলেছে নিরবচ্ছিন্ন কাজ। আগুনের তীব্রতা, গ্যাসের চাপ এবং নিরাপদে পাইপ স্থাপনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এগোতে হয়েছে। এ অভিযানের অন্যতম বড় সাফল্য দেশীয় প্রযুক্তির ব্যবহার। বাপেক্সের হিসাব অনুযায়ী, নিজস্ব প্রযুক্তি ও জনবল কাজে লাগিয়ে পুরো অভিযান সম্পন্ন করতে ব্যয় হচ্ছে আনুমানিক ১ থেকে ২ কোটি টাকা। অন্যদিকে বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হলে ব্যয় হতে পারতো ১০০ থেকে ১৫০ কোটি টাকা। ফলে সম্ভাব্য বিপুল ব্যয় সাশ্রয়ের পাশাপাশি দেশের নিজস্ব কারিগরি সক্ষমতারও প্রমাণ মিলেছে।

তবে আগুন নিয়ন্ত্রণে আসাই শেষ কাজ নয়। গ্যাসের নির্গমনপথ স্থায়ীভাবে বন্ধ করতে পরবর্তী ধাপে সিমেন্ট প্রয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অর্থাৎ আগুন নিভে গেলেও গ্যাসের প্রবাহ পুরোপুরি বন্ধ ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাপেক্সের কাজ শেষ হচ্ছে না। গত ২৭শে অক্টোবর ছোট ইনানীতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে সেখানে আগুন ধরে যায়। এরপর থেকে টানা ৩১ দিন ধরে জ্বলতে থাকা আগুন ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে বিধিনিষেধ আরোপ করা হয় এবং আশপাশের সড়কে সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়। দীর্ঘ এক মাসের উৎকণ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। এখন তাদের প্রত্যাশা, দ্রুত গ্যাসের নির্গমনপথ স্থায়ীভাবে বন্ধ করে পুরো এলাকাকে ঝুঁকিমুক্ত করা হবে।