পঙ্গু বাবার ভিক্ষার সঙ্গী ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে

পঙ্গু বাবার ভিক্ষার সঙ্গী ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে

ফন্ট সাইজ:

৪৪ বছর বয়সী মো. জাকির। বছর চারেক আগেও তার জীবন ছিল সুস্থ-স্বাভাবিক। নিজের চাষাবাদের আয়ে সুন্দরভাবেই চলছিল স্ত্রী, দুই মেয়ে এবং দুই ছেলেকে নিয়ে সংসার। তবে ভাগ্যের নির্মমতায় এখন সেই জাকির অক্ষম, কাজ করতে পারেন না। সামান্য কোমর ব্যথা থেকে তার ডান পা পর্যন্ত প্যারালাইজড হয়ে যায়। ফলে তাকে বরণ করতে হয় পঙ্গুত্ব। এ কারণে বাধ্য হয়ে গত ৬ মাস ধরে শুরু করেন ভিক্ষাবৃত্তি। তাও প্রত্যেক দিন নয়, কেবল মেঝো মেয়ে সুমাইয়ার স্কুল ছুটির দিনগুলোতে তাকে নিয়ে বের হন এক এলাকা থেকে অন্য এলাকায়। জাকির ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডাইয়ারপাড় এলাকার মো. মোস্তফার ছেলে। বাবার ভিক্ষার সঙ্গী মেয়েটির যে বয়সে সহপাঠীদের সঙ্গে হাসি-আনন্দে কাটানোর কথা, সেই বয়সেই বাবার হাত ধরে পথে পথে ঘুরতে হচ্ছে সুমাইয়ার।

কাঁধে বইয়ের ব্যাগের বদলে কখনো বাবাকে হাঁটতে সাহায্য করতে হয়, কখনো দাঁড়াতে হয় মানুষের দুয়ারে। বাবার অসহায়ত্ব আর সংসারের অভাব তাকে ঠেলে দিয়েছে এমন নিষ্ঠুর বাস্তবতার মুখে। সুমাইয়া স্থানীয় সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। জাকির জানান, চিকিৎসা করাতে গিয়ে মানুষের সহযোগিতা আর নিজের জমানো টাকা মিলিয়ে প্রায় আড়াই লাখ টাকা খরচ করেছি। কিন্তু সুস্থ হতে পারিনি। চিকিৎসক বলেছেন, নিয়মিত ওষুধ খেতে হবে। প্রতি মাসে ওষুধ কিনতে হয় সাড়ে তিন হাজার টাকার। সেই টাকাও ঠিকমতো জোগাড় করতে পারি না। এ জন্য বাধ্য হয়ে ভিক্ষার পথ বেছে নিয়েছি। তিনি জানান, প্রতিদিন ভিক্ষাও করতে পারি না। অসুস্থ শরীর তেমন সায় দেয় না। আমার মেঝো মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ওর স্কুল যেদিন বন্ধ থাকে, সেদিন ওরে নিয়ে বের হই। মেয়েটা আমাকে হাঁটতে সাহায্য করে। ওর ইচ্ছা ভালোভাবে পড়াশোনা করার। কিন্তু আমার সঙ্গে বের হতে গিয়ে ওর পড়ালেখাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি চাই না, মেয়েটা আমার সঙ্গে পথে পথে ঘুরুক।

কিন্তু কী করবো, সংসার চালানোর আর কোনো উপায় নেই। তিনি বলেন, স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেকে নিয়ে এখন ভিক্ষার টাকায় কোনো রকমে সংসার চালাচ্ছি। আমার সম্পদ বলতে তিন শতাংশ জমির উপর বসতভিটাটুকুই। অভাবের কারণে সন্তানদের ভবিষ্যৎ নিয়েও এখন চরম দুশ্চিন্তায় পড়েছি। আমি পঙ্গু হওয়ায় একটি ভাতা পাই। কিন্তু তা দিয়ে সংসার চলে না। তবে সরকারি-বেসরকারি কোনো সংস্থা যদি আমাকে একটি মুদি দোকান করে দিতো, তাহলে সেটি পরিচালনা করে স্ত্রী-সন্তানদের নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারতাম।
এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন মানবজমিনের এই প্রতিবেদককে বলেন, ওই ব্যক্তি দেখা করলে তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করবো।