বাবা-মায়ের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে সুন্দরবন উপকূলের হাজারো শিশুর শিক্ষাজীবন। সুন্দরবনে বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির ভয়ে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণে যেতে পারছেন না অনেক বনজীবী। ফলে উপকূলের বহু পরিবারে দেখা দিয়েছে অভাব-অনটন। সংসারের এমন সংকটের প্রভাব পড়ছে সন্তানদের পড়াশোনায়। কেউ হারাচ্ছে বই-খাতা কেনার সামর্থ্য, কেউবা ঝরে পড়ে কাজের সন্ধানে ছুটছে। এমন পরিস্থিতিতে নিজেদের শিক্ষাজীবন ও পরিবারের জীবিকা রক্ষার দাবিতে এবার রাজপথে নেমেছে সুন্দরবন উপকূলের শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সোরা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা মাঠ থেকে শুরু হয় ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা’।
পরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের সেøাগানে মুখর হয়ে উঠে উপকূলীয় সড়ক। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা খাতার পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানায়। তাদের এই প্রতিবাদের মধ্যদিয়ে উঠে আসে উপকূলের বনজীবী পরিবারের জীবনসংগ্রাম এবং শিক্ষার অনিশ্চিত ভবিষ্যতের চিত্র। কর্মসূচিতে শিক্ষার্থীরা জানায়, সুন্দরবনে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ করে জীবিকা নির্বাহ করেন উপকূলের অসংখ্য পরিবার। কিন্তু বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির আতঙ্কে অনেকেই বনে যেতে সাহস পাচ্ছেন না। ফলে আয়-রোজগার বন্ধ হয়ে পরিবারগুলো চরম সংকটে পড়েছে।
অভিভাবক মনোয়ারা খাতুন বলেন, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো এবং সন্তানদের পড়াশোনার খরচ জোগানো অসম্ভব হয়ে পড়েছে। সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা ও ত্রাণের ব্যবস্থা করা প্রয়োজন। শিক্ষার্থীদের দাবি, সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর ও নিয়মিত অভিযান পরিচালনা করে বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি আর্থিক সহায়তা, শিক্ষাসামগ্রী ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিশেষ উদ্যোগ নিতে হবে।
