বিএনপি নেতা হিরু ও পারভেজ গুমের ১৩ বছর

বিএনপি নেতা হিরু ও পারভেজ গুমের ১৩ বছর

ফন্ট সাইজ:

দেশে গুম হওয়া অনেকের সন্ধান ও হত্যার রহস্য পর্যায়ক্রমে উদ্ঘাটিত হলেও কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দুই বিএনপি নেতার ভাগ্যে কী ঘটেছে, তা আজও অজানা। নিখোঁজের দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি সাবেক সংসদ সদস্য ও লাকসাম উপজেলা বিএনপি’র তৎকালীন সভাপতি সাইফুল ইসলাম হিরু এবং লাকসাম পৌর বিএনপি’র তৎকালীন সভাপতি হুমায়ুন কবির পারভেজের। জানা যায়, ২০১৩ সালের ২৭শে নভেম্বর রাতে কুমিল্লা যাওয়ার পথে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার হরিশ্চর-আলীশ্বর এলাকায় একটি এম্বুলেন্স গতিরোধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে হিরু, হুমায়ুন এবং জসিম উদ্দিনকে তুলে নেয়া হয়।

পরে জসিম ও লাকসাম থেকে আটক আরও ৯ জনকে থানায় হস্তান্তর করা হলেও হিরু ও পারভেজের আর কোনো হদিস পাওয়া যায়নি। দেশে গুম হওয়া অনেকের সন্ধান ও হত্যার রহস্য পর্যায়ক্রমে উদ্ঘাটিত হলেও এই দুইজনের ভাগ্যে কী ঘটেছে, তা আজও অজানা। এ ঘটনায় ২০১৪ সালের ১৮ই মে তৎকালীন র‌্যাবের (বর্তমানে এসআরবি) পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অপহরণ ও গুমের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন নিখোঁজ হুমায়ুনের বাবা রঙ্গু মিয়া। মামলায় র‌্যাব-১১ এর সিও তারেক সাঈদকে প্রধান আসামি করা হয়, যিনি নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার আসামি হিসেবে বর্তমানে কারাগারে রয়েছেন। পরবর্তী সময়ে রঙ্গু মিয়া মৃত্যুবরণ করলে বর্তমানে মামলার বাদী হিসেবে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন পারভেজের ছোট ভাই গোলাম ফারুক। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময় গুম হওয়া বেশ কয়েকজন ব্যক্তির ফিরে আসা এবং বেশ কিছু গুম-হত্যার রহস্য উদ্ঘাটিত হওয়ায় নতুন করে আশায় বুক বেঁধেছেন হিরু ও পারভেজের স্বজন এবং স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।

তাদের দাবি, অবিলম্বে নিখোঁজ এই দুই নেতার প্রকৃত পরিণতি উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। নিখোঁজ হিরুর ছেলে রাফসান ইসলাম বলেন, দেশে গুম হওয়া অনেকের সন্ধান ও হত্যার রহস্য উদ্ঘাটন হলেও বাবার কোনো খোঁজখবর আজও পাইনি। আমার বাবা জীবিত আছেন নাকি হত্যার শিকার হয়েছেন, তাও আমাদের জানা নেই। অন্তত তিনি কোথায় ও কী অবস্থায় আছেন, সরকার প্রতি আহ্বান যেন সেই সন্ধানটুকু অন্তত আমাদের দেন। হুমায়ুনের ছেলে এসকে রাতুল বলেন, হয়তো বাবাকে আর ফিরে পাবো না। রাষ্ট্র ও বিএনপি সরকার যাতে আমার মতো গুমের শিকার সকল পরিবারকে প্রাপ্য সম্মানটুকু দেয়, সেই আশা করি। যতটুকু জানি, মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে। ২০১৪ সালে মামলা করলেও ২০২৪ সালের আগে তদন্তের কোনো অগ্রগতি ছিল না। তবে গণ-অভ্যুত্থানের পর এ মামলার তদন্ত দ্রুতগতিতেই হয়েছে। মামলায় বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ বদিউল আলম সুজন জানান, বরখাস্তকৃত কর্নেল তারেক সাঈদ ও মেজর সাহেদ রাজীসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়েরের পর লাকসাম থানা পুলিশ তদন্ত শুরু করে। গুমের বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানান। তবে দুঃখজনকভাবে সিআইডি’র একজন এএসপি (জালাল) ভুক্তভোগীরা ‘আত্মগোপন করে আছেন’ মর্মে প্রতিবেদন দিয়েছেন। পরবর্তীতে আমরা ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিলে তিনি পুনরায় তদন্তে ব্যর্থতার কথা উল্লেখ করে প্রতিবেদন জমা দেন। ন্যায়বিচারের আশায় আমরা বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছি এবং দু’টি ভুক্তভোগী পরিবার গুম কমিশনেও অভিযোগ দিয়েছে, যা বর্তমানে তদন্তাধীন (পেন্ডিং) রয়েছে। আশা করছি, সেখান থেকে ইতিবাচক কোনো ফলাফল পাবো। পাশাপাশি, যিনি মিথ্যা প্রতিবেদন দিয়েছিলেন সিআইডি’র সেই এএসপি’র বিষয়েও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত। লাকসাম থানার ওসি কামরুন নাহার লাইলী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে সরকারের তিনটি সংস্থা তদন্ত করছে। আশা করছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুব দ্রুতই প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে।