দোয়ারাবাজারে সোনালী চেলা নদীর সীমানা নির্ধারণ, স্বস্তিতে বারকি ও বালু শ্রমিকরা

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনালী চেলা নদীর ইজারাকৃত বালুমহালের সীমানা নির্ধারণ করেছে প্রশাসন। দীর্ঘ পাঁচ মাস ধরে সীমানা জটিলতায় বালুমহালের কার্যক্রম বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন ইজারাদার। কর্মহীন হয়ে পড়েছিলেন বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত বারকি ও বালু শ্রমিকরা। অবশেষে সীমানা নির্ধারণ হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

বুধবার সকালে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের উপস্থিতিতে ভূমি অফিসের সার্ভেয়ার মো. ফরিদ উদ্দিন নদীটির বালুমহালের আন্তর্জাতিক সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমানা নিয়ে জটিলতা থাকায় সোনালী চেলা নদীর ইজারাকৃত বালুমহালের কার্যক্রম বন্ধ ছিল। এতে ইজারাদার আর্থিক ক্ষতির সম্মুখীন হন। অন্যদিকে বালু উত্তোলন ও পরিবহনের কাজে নিয়োজিত বারকি ও বালুশ্রমিকদের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তাদের জীবিকা নির্বাহেও অনিশ্চয়তা দেখা দেয়।

সীমানা নির্ধারণের পর স্থানীয় বারকি ও বালু শ্রমিকরা স্বস্তি প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘ পাঁচ মাস কাজ বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে তারা আর্থিক সংকটে পড়েছিলেন। সীমানা নির্ধারণের ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটবে এবং আবারও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তারা আশা করছেন। এ উদ্যোগের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম জানান, ইজারাদার কর্তৃপক্ষের অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় সোনালী চেলা নদীর বালুমহালের সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে।