মাগুরার মহম্মদপুরের মৌফুলকান্দী পশ্চিমপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হুমকির অভিযোগের পাশাপাশি প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই ক্ষত তৈরি করে হাসপাতালে চিকিৎসা নেয়ার অভিযোগও উঠেছে। স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, মৌফুলকান্দী এলাকার মণ্ডল গোষ্ঠী ও খলিশাখালী এলাকার বিশ্বাস গোষ্ঠীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও নানা বিষয়ে মনোমালিন্য চলছিল।
এজাহারে বাদী মো. শাজাহান কবির অভিযোগ করেন, গত ১০ই নভেম্বর মঙ্গলবার রাতে দোকানের সামনে মলত্যাগ করা নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মণ্ডল পক্ষের প্রিন্স মণ্ডল, আলামিন মণ্ডল, শাহীন মণ্ডল ও মনিরুল মণ্ডলের বাড়িঘর এবং দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। ওই সময় ইজিবাইক রাখার ঘর ও দোকান ভাঙচুর, লুটপাট, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী ওই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শাহজাহান কবির বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করে গত ১৬ নভেম্বর মহম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মহাজন বিশ্বাস (৪৬) ও পিকুল বিশ্বাসকে (৫২) আটক করে আদালতে পাঠায়। অভিযোগ রয়েছে, সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আসামিরা মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। এরই মধ্যে গত ২৪শে নভেম্বর মঙ্গলবার রাতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের পক্ষের আরিফ (২২) নামে এক যুবককে নিজেরাই আহত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে মণ্ডল পক্ষ দাবি করেছে। তবে বিশ্বাস পক্ষ এ অভিযোগ অস্বীকার করে মণ্ডল পক্ষের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছে। ক্ষতিগ্রস্ত প্রিন্সের মা লাভলী খাতুন বলেন, আমার স্বামী মারা গেছেন, যার শোক এখনও কাটিয়ে উঠতে পারিনি। এরই মধ্যে আমাদের বাড়িঘর ভাঙচুর ও হামলা চালানো হয়েছে। আমরা ভীতসন্ত্রস্ত হয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। মো, নজরুল ইসলাম ওরফে ময়েন মণ্ডল বলেন, খলিশাখালী গ্রামের প্রভাবশালী মহাজন ও তার লোকজনের নানা সময়ের হামলা, ভাঙচুর, চুরি ও হয়রানির কারণে আমাদের গ্রামের মানুষ অতিষ্ঠ। আমরা প্রশাসনের আশু হস্তক্ষেপ প্রত্যাশা করছি। ঘটনাটি নিয়ে মহাজন বিশ্বাসের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, বাড়ির সামনে মলত্যাগকে কেন্দ্র করে আমাদের লোকজন মণ্ডলদের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর করেছে এটা সঠিক।
তবে এ বিষয়ে আমাদের নামে মামলা হয়েছিল আমরা হাজত খেটেছি কিন্তু হাজত থেকে বের হওয়ার পর আমাদের দু’জনকেও মারধর করেছে প্রতিপক্ষের লোকজন। আমরা বিষয়টি নিয়ে থানায় অভিযোগও করেছি। মহম্মদপুর থানার ওসি এম শামীম আহমেদ বলেন, বিষয়টি অবগত হয়েছি। সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এছাড়া আরেকটি অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
