শাহ্‌ আমানত মাজারে ককটেল নিয়ে দুই ছাত্রলীগ নেতা আটক

শাহ্‌ আমানত মাজারে ককটেল নিয়ে দুই ছাত্রলীগ নেতা আটক

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের শাহ্‌ আমানত (রহ.) মাজারে ককটেল বিস্ফোরণের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের জেল রোডে মাজারের সামনের উঠান থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আব্দুল আল মামুন ছোটন (২৯) ও আশরাফুল ইসমাইল ইচনান (২৪)। পুলিশ জানায়, তারা চান্দগাঁও ও পাঁচলাইশ থানা ছাত্রলীগের সংগঠক। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, বৃহস্পতিবার রাতে ওই দুই ব্যক্তি মাজারের উঠানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন।

তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে মাজারের লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেলসহ তাদের আটক করে।
ওসি জাহেদুল কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে তারা ককটেল নিয়ে মাজারে এসেছিলেন। এ বিষয়ে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, শাহ্‌ আমানত (রহ.) মাজারের পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অবস্থিত।