পেট্রোবাংলার অধীন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) ২০২৫-২০২৬ অর্থবছরে ১ হাজার ৪২৭ দশমিক ২১১ এমএমসিএম (মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটার) গ্যাস বিক্রি করে ২৩১ দশমিক ৫১ কোটি টাকা আয় ও রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন ২২৬ দশমিক ৮৪ কোটি টাকা। যা পূর্ববর্তী অর্থবছরের চেয়ে ৩১ দশমিক ৪৬ শতাংশ বেশি। শুক্রবার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের নলকায় অবস্থিত পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা কাওছার আহমেদ মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কাওরান বাজারস্থ পেট্রোসেন্টারে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এতে পিজিসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এসএম ওয়ালিউর রহমানের সভাপতিত্বে পেট্রোবাংলার চেয়ারম্যান ও কোম্পানির শেয়ারহোল্ডার আব্দুল মান্নান, পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এসএম তারিকুল ইসলাম, কোম্পানি সচিব সাহিনুর আলম এবং অন্যান্য শেয়ারহোল্ডারসহ পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির ২০২৫-২০২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব অনুমোদিত হয়। তাতে বিভিন্ন খাতে সর্বমোট ১ হাজার ৪২৭ দশমিক ২১১ এমএমসিএম গ্যাস বিক্রয় করে পিজিসিএল। এতে ২৩১ দশমিক ৫১ কোটি টাকা আয় হয়। যা পূর্ববর্তী অর্থবছরের চেয়ে ৩১ দশমিক ৪৬ শতাংশ বেশি। কোম্পানির সার্বিক কর্মকাণ্ড ইতিবাচক হওয়ায় শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
