প্রত্যাহারের তিনদিনেও থানা ছাড়ছেন না ওসি নোমান, ক্ষোভে ফুঁসছে দাগনভূঞা

প্রত্যাহারের তিনদিনেও থানা ছাড়ছেন না ওসি নোমান, ক্ষোভে ফুঁসছে দাগনভূঞা

ফন্ট সাইজ:

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহার করার তিনদিন পরও দায়িত্ব হস্তান্তর করেননি ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান। তিনি থানাও ছাড়েননি আর জেলা পুলিশ লাইন্সেও সংযুক্ত হননি। অথচ নারী ও নিষিদ্ধ সংগঠনের নেত্রীর কাণ্ডে গত বুধবার বিকালে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর মধ্যদিয়ে চার থানায় দায়িত্ব পালনকালে বিতর্কের মুখে সব থানা থেকেই প্রত্যাহার হন নোমান। প্রত্যাহারের তিনদিন পরও থানা না ছাড়ার কারণে ক্ষোভে ফুঁসছে দাগনভূঞাবাসী। যদিও নোমানের ক্ষেত্রে এমন ঘটনা নতুন নয়। এর আগেও দায়িত্ব পালনকালে সব থানাতেই এমন ঘটনার শিকার হয়েছেন আলোচিত-সমালোচিত এই ওসি। সর্বশেষ ২৫শে নভেম্বর তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

এর আগে গত ১০ই আগস্ট আদালতের নির্দেশের পরও মামলা রেকর্ডে অনীহার অভিযোগে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নোমানকে থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দেন। দাগনভূঞা থানার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহানের একটি মামলা এফআই হিসেবে আদালতে রেকর্ডের নির্দেশ দেয়ার পরও ওসি তা উপেক্ষা করেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার আদেশ দেন। সে সময় আদালত ওসিকে দায়িত্বে থাকার অযোগ্যও ঘোষণা করেন। এ ঘটনায় নোমানের বিরুদ্ধে পুলিশ তদন্ত কমিটি গঠন করলেও প্রতিবেদন আলোর মুখ দেখেনি, ওসিও প্রত্যাহার হননি। সে ধাক্কায় রক্ষা পাওয়ার পর তিনি আরও বেপরোয়া হয়ে উঠেন। রাজনৈতিক তকমা লাগিয়ে যাকে তাকে আটক আর মামলা বাণিজ্য তার মূল কাজ হয়ে উঠে।

অভিযোগ আছে নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে নোমানের। উপজেলায় মাদক কারবারিদের সঙ্গেও সখ্যতার অভিযোগ রয়েছে দাগনভূঞা থানায় যোগদানের শুরু থেকে। দাগনভূঞায় দায়িত্ব পালনকালে আইন কানুনের তোয়াক্কা না করে ফ্রিস্টাইলে কার্যক্রম পরিচালনা ও জীবনযাপনের কারণে ভুগতে হচ্ছে উপজেলার জনসাধারণকে। জীবন ও মালের নিরাপত্তা তো নেই, চুরি ডাকাতি ছিনতাই ও হামলা নিত্য ঘটনায় পরিণত হয়েছে। একাধিক সূত্রের দাবি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরে কালক্ষেপণের পাশাপাশি বিভিন্ন আইনি কৌশল ও প্রশাসনিক ফাঁকফোকর কাজে লাগিয়ে সুবিধা আদায়ের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন নোমান। এ নিয়ে দাগনভূঞা থানার সদ্য প্রত্যাহার হওয়া নোমান বলেন, দায়িত্ব বুঝিয়ে দেয়া ও নিজের গোছগাছে একটু সময় লেগেছে।

বিভাগীয় সিদ্ধান্ত অমান্য করার কোনো সুযোগ নেই। আর দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসি আক্তার জানান এখনো তিনি দায়িত্ব বুঝে পাননি। এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম জানান, দায়িত্ব বুঝিয়ে দিতে একটু বিলম্ব হয়েছে। আজকের মধ্যে দাগনভূঞা থানা থেকে বিদায় নিয়ে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত হবেন। এখানে গড়িমসি করার সুযোগ নেই। অন্যদিকে নোমানের স্থলাভিষিক্ত কোনো ওসি পদায়ন করা হয়নি। আপাতত ওসি (তদন্ত) দায়িত্ব পালন করবেন। এদিকে, গোপালগঞ্জ থেকে বদলি হয়ে আসা জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ যোগদানের এক সপ্তাহের মধ্যে খাগড়াছড়িতে বদলি হয়ে যান ওসি নোমান।