জামালপুরে চোখে ধারালো অস্ত্রের আঘাতে স্বর্ণকারের মৃত্যু, আটক ১

ফন্ট সাইজ:

জামালপুরের ইসলামপুরে পূর্বশত্রুতার জেরে অমৃত দাশ (৩৫) নামে এক স্বর্ণকারকে চোখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী রাশেদের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল মন্নিয়ার চর এলাকার খাটিয়ামারী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রাশেদকে আটক করে স্থানীয় বাসিন্দারা পুলিশে সোপদ করে। অভিযুক্ত রাশেদের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়। নিহত অমৃত দাশ মন্নিয়ার চর এলাকার অমল দাশের ছেলে। তিনি খাটিয়ামারী বাজারে একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন।
জানা যায়, অমৃত দাশের সঙ্গে প্রতিবেশী রাশেদের আগে থেকেই বিরোধ ছিল। গত কয়েক দিন ধরে তাদের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। এর জেরে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে রাশেদ অমৃতের দোকানে গিয়ে তার চোখে রড ঢুকিয়ে গুরুতর আঘাত করেন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত রাশেদকে আটক করেন। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে শুক্রবার সকালে অমৃত ও রাশেদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদ ধারালো শুম দিয়ে অমৃতের চোখে আঘাত করেন। এতে তার রক্তক্ষরণ শুরু হয়। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ওসি আরও বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত রাশেদকে আটক করা হয়েছে। অমৃত দাশের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।