চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দু’টি বালু উত্তোলনের সময় ড্রেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মোহনপুর নৌ-ফাঁড়ি পুলিশ। গতকাল দিবাগত মধ্যরাতে উপজেলার নাছিরাকান্দি এলাকায় নদীতে টহল দেয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মতলব উত্তর উপজেলার মোহন সৈয়াল (৫৫) এবং একই এলাকার আতাউর রহমান শিমুল (৪২), গজারিয়া উপজেলার ফরিদ উদ্দিন (৪১), খুলনার খানজাহান আলী উপজেলার সাখাওয়াত খান (৫৫) এবং রূপসা উপজেলার আসলাম ঢালী (৪৫)। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নৌ পুলিশের এসআই মো. মোহসীন হোসাইনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা জানান। তাদের দেয়া তথ্য অনুযায়ী, কানা জহির, ছোট মিস্টার ও হোসেন মিয়াজির নেতৃত্বে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল বলে জানা গেছে। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
