কুমিল্লা জেলায় সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৮ জনসহ ৪৯৬ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানায় গত ৭২ ঘণ্টাব্যাপী অভিযানে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততা ও প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ৩২৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অপরদিকে, অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ১৬৭ জনকে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করাসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদারকি করা হচ্ছে বলেও জানান তিনি।
