লোহাগড়ায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফন্ট সাইজ:

নড়াইলের লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের গফুর মোল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছায়মানার-চর গ্রামের ফরহাদ মোল্যার সঙ্গে চাচাতো ভাই দাউদ মোল্যা ও তার লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে গত বৃহস্পতিবার বিকালে দুইপক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফরহাদ মোল্যা তার জমি থেকে ধান কাটার সময় দাউদ মোল্যা ও তার পক্ষীয় লোকজন লাঠি দিয়ে ফরহাদ মোল্যাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের পরিবারের। তবে এসব অভিযোগ অস্বীকার করে দাউদ মোল্যা পক্ষীয় লোকজন। তাদের দাবি ফরহাদ মোল্যা স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। তাকে কোন প্রকার আঘাত করা হয়নি। এ বিষয়ে লোহাগড়ার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।