জাল সনদে পাসপোর্টের ফাঁদ, পূর্বধলায় রোহিঙ্গাসহ আটক ৪

জাল সনদে পাসপোর্টের ফাঁদ, পূর্বধলায় রোহিঙ্গাসহ আটক ৪

ফন্ট সাইজ:

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বাবা-মেয়ে। অথচ জন্মনিবন্ধনে মেয়ে হয়ে গেলেন বাংলাদেশি। সেই ভুয়া সনদ দিয়ে দুবাই যাওয়ার জন্য পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়লেন রোহিঙ্গা নারী কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯)।

গত বৃহস্পতিবার নেত্রকোণা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে যান তিনি। তথ্য আর পরিচয় নিয়ে সন্দেহ হয় কর্মকর্তাদের। খবর যায় আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীর কাছে। পরে ওই নারীকে পূর্বধলা ইউএনও অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আটক ৪ জন হলেন, কুতুপালং ক্যাম্পের ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা কাউসার বিবি ও তার বাবা রশিদউল্লাহ ওরফে মোহাম্মদ বদিউল আলম (৪০), পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঠলি গ্রামের আব্দুল জলিল (৪২) ও সদর ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের আজিজুল হক (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৪শে নভেম্বর রেলযোগে ময়মনসিংহের গৌরীপুর হয়ে বাবা-মেয়ে পাঠলি গ্রামে আব্দুল জলিলের মাদ্রাসায় আসেন। এর প্রায় দুই মাস আগে জলিল আজিজুল হকের কাছে যান কাউসার বিবি’র জন্মনিবন্ধন করিয়ে দিতে। পরে আজিজুল আগিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জয় ঘোষের মাধ্যমে ওই নিবন্ধন করিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন জয় ঘোষ। তার দাবি, তিনি নিবন্ধনটি করেননি। ইউনিয়নে কাজ করা মিঠুন নামের আরেক অপারেটর করেছেন।

বিষয়টি জানার পর তিনি আগেই চেয়ারম্যানকে জানিয়েছিলেন। এদিকে মিঠুন দাসের স্ত্রী আগিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কাজ করেন। মিঠুন কীভাবে পরিষদে বসে জন্মনিবন্ধনের কাজ করলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গেছে, আগিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের অনুমোদন ও স্বাক্ষর ছাড়া নিবন্ধনটি সম্পন্ন হয়নি। একজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার নামে বাংলাদেশি পরিচয়ে কীভাবে নিবন্ধন অনুমোদন হলো, কী কাগজ যাচাই করা হয়েছিল, তা নিয়ে এখন তদন্তের দাবি উঠেছে। আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি জানার পর তিনি ওই নারীকে নেত্রকোণা থেকে পূর্বধলা ইউএনও অফিসে নিয়ে আসেন।

পরে ইউএনও’র নির্দেশে ৪ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানা হেফাজতে দেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ৪ জনই পুলিশি হেফাজতে রয়েছেন। মামলা দায়েরের পর শুক্রবার আদালতে পাঠানো হবে। জড়িত অন্যদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।