জমির আইল কাটা নিয়ে বিরোধ, কোদালের কোপে বড় ভাই নিহত

ফন্ট সাইজ:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কোতোয়ালিবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছোট ভাই নবীনুর রহমানকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। নিহত দেলোয়ার ও অভিযুক্ত নবীনুর রহমান ওই গ্রামের মৃত জামতুল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার ছোট ভাই নবীনুরের জমির মাটি কেটে আইল বাঁধছিলেন।

এ সময় নবীনুর সেখানে গিয়ে তাকে আইল কাটতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নবীনুর কোদাল দিয়ে দেলোয়ারের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুরকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের লাশ উদ্ধার করে। পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কোদাল ও হাঁসুয়া জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।