ইউরোপা লিগের মাঠে ফুটবলের রোমাঞ্চ ছাপিয়ে আবারও সামনে এল সমর্থকদের ভয়াবহ সংঘর্ষের চিত্র। বৃহস্পতিবার রাতে ফ্রান্স ও জর্জিয়ায় অনুষ্ঠিত দুটি আলাদা ম্যাচে গ্যালারিতে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছেন সমর্থকেরা। বিশেষ করে ফ্রান্সের মার্শেইয়ে অলিম্পিক মার্শেই ও বুলগেরিয়ার ক্লাব লেভস্কি সোফিয়ার মধ্যকার ম্যাচটি রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় বুলগেরিয়ার ১১ সমর্থক আহত হয়েছেন এবং গুরুতর অবস্থায় ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি গড়িয়েছে দুই দেশের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত, শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্তও।
মার্শেইয়ের স্তাদ ভেলোদ্রোম স্টেডিয়ামে ঘটা এই সহিংসতা নিয়ে শুক্রবার দুটি আলাদা তদন্ত শুরু করেছে স্থানীয় প্রসিকিউটর অফিস। এর একটি মার্শেই সমর্থকদের বিরুদ্ধে ‘গুরুতর হামলার’ অভিযোগে এবং অন্যটি বুলগেরীয় সমর্থকদের বিরুদ্ধে ‘নাৎসি স্যালুট’ ও উসকানিমূলক আচরণের মাধ্যমে ‘ঘৃণা ছড়ানোর’ অভিযোগে। গ্যালারিতে সফরকারী এক সমর্থক নাৎসি স্যালুট প্রদর্শন করার পরই সংঘর্ষের সূত্রপাত হয়। তবে লেভস্কি সোফিয়া ক্লাবের দাবি, মুখোশধারী মার্শেই সমর্থকেরাই লাঠি, লোহার পাইপ ও ফ্লেয়ার নিয়ে প্রথমে তাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। রয়টার্সের ছবিতে দেখা গেছে, স্টেডিয়ামের দুই অংশের মাঝের জালের বেড়া ভেঙে রক্তাক্ত অবস্থায় সমর্থকেরা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। মার্শেই প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, দোষীদের শনাক্ত করতে বর্তমানে স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এর আগে নিরাপত্তার কথা ভেবে বুলগেরীয় সমর্থকদের টিকিট বিক্রি সাত ভাগের এক ভাগে নামিয়ে এনেছিল ফরাসি কর্তৃপক্ষ, তবুও শেষরক্ষা হয়নি। মাঠের এই সহিংসতা নিয়ে টেলিফোনে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ। এক ফেসবুক পোস্টে রাদেভ জানান, উভয় নেতাই একমত হয়েছেন যে “সভ্য ইউরোপে আগ্রাসন ও সহিংসতার কোনো স্থান নেই।” আহতদের চিকিৎসার ব্যবস্থা করায় মাখোঁকে ধন্যবাদ জানান তিনি। অন্যদিকে, এই হামলাকে ‘কঠোরতম ভাষায়’ নিন্দা জানিয়ে অপরাধীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন মাখোঁ। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজও স্টেডিয়ামে বর্ণবাদী বিদ্বেষ ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
একই রাতে জর্জিয়ার বাতুমি শহরে তুরস্কের বেসিকতাস ও ইসরায়েলের হাপোয়েল বি’র শেভার মধ্যকার ইউরোপা লিগের ম্যাচেও গ্যালারিতে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। নিরাপত্তার কারণে তুরস্কের ইস্তাম্বুল থেকে ম্যাচটি জর্জিয়ায় সরিয়ে নেওয়া হয়েছিল। ম্যাচের ২৬তম মিনিটে গ্যালারিতে সংঘর্ষ ছড়িয়ে পড়লে রেফারি মর্টেন ক্রঘ খেলা বন্ধ রাখতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জর্জিয়ান পুলিশ গ্যালারিতে প্রবেশ করে এবং পিপার স্প্রে ব্যবহার করে। টিভি ফুটেজে এক সমর্থককে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে দেখা যায়। প্রায় ৩০ মিনিট পর পুনরায় খেলা শুরু হলে বেসিকতাস ২-১ গোলে জয় পায়। তবে নিরাপত্তাকর্মীদের ‘মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের’ নিন্দা জানিয়েছে তুর্কি ক্লাবটি। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা (UEFA) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তাদের শৃঙ্খলা কমিটি দুটি ম্যাচেরই অফিশিয়াল রিপোর্ট পর্যালোচনা করছে এবং এর ভিত্তিতে পরবর্তী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
