ওভারটনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারালো ইংল্যান্ড

ওভারটনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারালো ইংল্যান্ড

ফন্ট সাইজ:

ব্রিসবেনের গ্যাবায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। পেসার জেমি ওভারটনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় অজিরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে পাওয়া ৯৩ রানের সংশোধিত লক্ষ্য ৪৩ বল হাতে রেখেই টপকে যায় সফরকারীরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল হ্যারি ব্রুকের দল। এই ম্যাচে হয়েছে এক রেকর্ডও। দুই ইনিংস মিলিয়ে মাত্র ২০১ রান করেছে দুদল। আর এটাই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে সর্বনিম্ন রানের টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে দুদলের দুই ইনিংস মিলিয়ে সর্বনিম্ন রান ছিল ২৫১। ২০২১ সালের ৩০ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটি।

 টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা বেশ আক্রমণাত্মক করেছিলেন দুই অজি ওপেনার মিচেল মার্শ ও স্যাম হারপার। তবে চতুর্থ ওভারে ১১ রান করা মার্শকে ফিরিয়ে ইংল্যান্ডকে প্রথম ব্রেকথ্রু এনে দেন বাঁহাতি স্পিনার লিয়াম ডসন। এরপর ওভারটনের দারুণ ক্যাচে ১৪ বলে ২৬ রান করা হারপারকেও সাজঘরে ফেরান ডসন। স্যাম কারানের বলে দুটি ছক্কা হাঁকিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করেছিলেন জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক, কিন্তু ওভারটনের বলে দ্রুতই আউট হন তিনি। ফলে ৬৫ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকেরা। এরপরই গ্যাবার পিচে শুরু হয় জেমি ওভারটনের একক আধিপত্য। মাত্র ৬ রানে টিম ডেভিডকে ফেরানোর পর দ্রুতই জোয়েল ডেভিস ও নিখিল চৌধুরীকে (২২ বলে ১৯) আউট করেন তিনি। বেন ডোয়ারশুইসকে শূন্য রানে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ৫ উইকেট পূর্ণ করেন এই ইংলিশ পেসার। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১২ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় পুরুষ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন ওভারটন। তার বিধ্বংসী স্পেলে ৯২ রানেই ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। শেষদিকে অ্যাডাম জাম্পাকে আউট করে নিজের ৩ উইকেট পূর্ণ করেন ডসন (৩/১৬)। মিচেল ওয়েন রানআউট হন ১৭ রানে। আর বিলি স্ট্যানলেককে বোল্ড করে ১৬ ওভার ৫ বলে ১০৮ রানে অস্ট্রেলিয়ার ইনিংসের ইতি টানেন স্যাম কারান।

১০৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নামলে ইংল্যান্ডের ইনিংসে হানা দেয় বৃষ্টি। এতে ম্যাচের দৈর্ঘ্য কমে ১৬ ওভারে নেমে আসে এবং ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ডের নতুন লক্ষ্য দাঁড়ায় ৯৩ রান। রান তাড়ার শুরুতেই ওপেনার ফিল সল্টকে হারিয়েছিল ইংলিশরা। তবে অন্য প্রান্তে রীতিমতো ঝড় তোলেন অ্যানিউরিন ডোনাল্ড। মাত্র ১৩ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩২ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন তিনি।
অধিনায়ক হ্যারি ব্রুকও ক্রিজে এসে একটি ছক্কা হাঁকান। তবে একই ওভারে ব্রুক ও ডোনাল্ড—দুজনকেই ফিরিয়ে ৪৯ রানে ইংল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন অজি পেসার রাইলি মেরেডিথ। বৃষ্টির বাধায় খেলা বারবার থামলেও জর্ডান কক্সের ব্যাটে কোনো বিপদ ঘটেনি সফরকারীদের। অস্ট্রেলিয়ান বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ১৪ বলে ৫টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৩৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন কক্স। অন্য প্রান্তে ১০ রানে অপরাজিত থাকা টম ব্যান্টন তাঁকে যোগ্য সঙ্গ দেন। দুজনের অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটিতে মাত্র ৮ ওভার ৫ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। কভার দিয়ে দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন জর্ডান কক্স।​