জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর আসন্ন জাতীয় সম্মেলনে অনুষ্ঠেয় কেন্দ্রীয় শীর্ষ চার পদ (সুপার ফোর) নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২ জানুয়ারি ২০২৭ (শনিবার) রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের জাতীয় সম্মেলনের দিন ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।
সম্মেলনের দিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত দলের শীর্ষ চারটি পদ- সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গঠনতন্ত্র অনুযায়ী এতে দলের প্রেসিডিয়াম কমিটি, কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা কমিটি এবং সকল জেলা ও মহানগর শাখার প্রতিনিধিবৃন্দ ভোটাধিকার প্রয়োগ করবেন। শীর্ষ চার পদে (সুপার ফোর) প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বর্তমান কেন্দ্রীয় কমিটি ও প্রেসিডিয়াম কমিটির সদস্যবৃন্দ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় আসাদগেট কেন্দ্রীয় কার্যালয়ে এই তফসিল ঘোষণা করেন জাগপার প্রেসিডিয়াম সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার ভিপি মোহাম্মদ মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন তিন নির্বাচন কমিশনার- জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ শফিকুল ইসলাম, জাগপা ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ঢাকা মহানগর যুব জাগপার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগ্রহী প্রার্থীরা ১১ ও ১২ ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর আসাদগেটস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। পরদিন ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৫ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৭ ডিসেম্বর এবং ১৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে।
নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের ভোটার তালিকাভুক্ত একজন প্রস্তাবক ও একজন সমর্থকের পরিচয় এবং স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে- সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদের জন্য ১ লাখ টাকা, সাধারণ সম্পাদক পদের জন্য ৫০ হাজার টাকা এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদের জন্য ৪০ হাজার টাকা। প্রার্থীদের জাগপার নির্ধারিত তফসিলি ব্যাংক অ্যাকাউন্টে উক্ত ফি জমা দেওয়ার রশিদ প্রমাণক হিসেবে সংযুক্ত করে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
