দুই স্ত্রীর মধ্যকার দীর্ঘদিনের ঝগড়ায় ক্ষিপ্ত হয়ে তাদের হত্যা করেছেন দুই ভাই। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় এ ঘটনা ঘটে। হত্যার পর মরদেহ অ্যাম্বুলেন্সে করে পাশের জেলার জঙ্গলে নিয়ে মাটিচাপা দেন দুই ভাই। এই ঘটনায় অভিযুক্ত দুই ভাই ও তাদের বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
পুলিশ জানায়, অভিযুক্ত দুই ভাই হলেন পেশায় অ্যাম্বুলেন্স চালক শিব শংকর সাহু এবং তার ভাই নবীন সাহু। গত সোমবার তারা তাদের স্ত্রী মিনি প্রিয়া (২৮) এবং রাধিকা কুমারীকে (২০) কুড়াল দিয়ে হত্যা করেন। এরপর একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পাশের সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেন। গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা জানান, দুই জায়ের মধ্যকার পুরনো বিবাদ নিয়ে দুই ভাই ক্ষুব্ধ ছিলেন। তবে হত্যাকাণ্ডের দুই দিন আগেই ওই দুই নারী নিজেদের মধ্যকার বিবাদ মিটিয়ে ফেলেছিলেন।
বার্তা সংস্থা পিটিআইকে পুলিশ সুপার হারিস বিন জামা জানান, মঙ্গলবার দুই ভাই প্রথমে পুলিশকে বলেন, তাদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে পুলিশের টানা জিজ্ঞাসাবাদের মুখে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জঙ্গল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল ৯টার দিকেও তাদের সাথে কথা হয়েছিল এবং তখন সবকিছু স্বাভাবিকই মনে হয়েছিল। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল এবং মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে। এছাড়া এই ঘটনায় অভিযুক্তদের বাবা সমেশ্বর সাহু এবং মা তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করা হয়েছে।
