যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ডে’তে ঝড়, বিদ্যুৎহীন ৯ লাখ মানুষ, আকাশপথে বিপর্যয়

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ডে’তে ঝড়, বিদ্যুৎহীন ৯ লাখ মানুষ, আকাশপথে বিপর্যয়

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে থ্যাংকসগিভিংয়ের ছুটির দিনে আঘাত হেনেছে শক্তিশালী ঝড়। মিসৌরি থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত বিস্তৃত এই ঝড়ের তাণ্ডবে ৯ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি বেশ কিছু সেতু ও সড়ক বন্ধ হয়ে গেছে। এছাড়া বৈরী আবহাওয়ায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৪৫৪টি ফ্লাইট বাতিল এবং ২ হাজার ৪১১টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এ খবর দিয়েছে সিএনএন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী ‘মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড’ ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত করে শনিবার পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ৪৬ দশমিক ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা থ্যাংকসগিভিংয়ের দিনে সর্বোচ্চ বৃষ্টির নতুন রেকর্ড। এর আগে ২০০৬ সালের ২৩ নভেম্বর ৪৩ দশমিক ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ওয়াশিংটন ডিসি ও মেরিল্যান্ডে গাছ উপড়ে বাড়িঘর ও গাড়ির ওপর পড়েছে। পোটোম্যাক নদী ও চেসাপিক উপসাগরে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় উপকূলীয় বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

বন্যার পানিতে আটকে পড়া মানুষজনকে উদ্ধারে কাজ করছে জরুরি উদ্ধারকারী দলগুলো। নিউজার্সির আটলান্টিক সিটির জরুরি ব্যবস্থাপনা সমন্বয়ক স্কট ইভানস জানান, নিচু এলাকাগুলোতে ২ থেকে ৩ ফুট পানি জমেছিল এবং পানিতে আটকে পড়া গাড়ি থেকে ১৪টির বেশি উদ্ধার অভিযান চালানো হয়েছে। এখন পানি নামতে শুরু করেছে বলে জানান তিনি। অন্যদিকে, মধ্যাঞ্চলীয় রাজ্য মিসৌরির সেন্ট লুইসের পশ্চিমে ওয়েন্টজভিলে শহরে ভারী তুষারপাতে একটি আইস অ্যারেনা ভবনের একাংশ ধসে পড়েছে। তবে ভবনে কর্মীরা না থাকায় কেউ হতাহত হননি বলে শহরের মেয়র জানান।

ঝড়ের প্রভাবে আকাশপথেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যমতে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৪৫৪টি ফ্লাইট বাতিল এবং ২ হাজার ৪১১টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এছাড়া ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরগামী ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেয়। এর আগে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরেও এক ঘণ্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। তীব্র বাতাসের কারণে নিউজার্সির নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল সংযোগকারী মনোরেল ‘এয়ারট্রেন’ বন্ধ করে বিকল্প হিসেবে বাস চালু করা হয়েছে। এছাড়া মায়ামিতে রানওয়ে থেকে ছিটকে পড়া ফেডেক্সের একটি কার্গো বিমান সরিয়ে নেয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানান, ঝড়টি উত্তর-পূর্বাঞ্চলের নিউ ইংল্যান্ডের দিকে অগ্রসর হচ্ছে এবং টেনেসি, কেন্টাকি ও মিশিগানে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ও তুষারপাত অব্যাহত থাকতে পারে।