ইউরোপের পথে কেন জীবন বাজি রাখছে সেনেগালের তরুণেরা

‘বার্সেলোনা অথবা মৃত্যু’

ইউরোপের পথে কেন জীবন বাজি রাখছে সেনেগালের তরুণেরা

ফন্ট সাইজ:

কাঠের ছোট মাছ ধরার নৌকায় চড়ে কোনোমতে প্রাণে বেঁচে ফিরেছিলেন বায়ে কৌরা দিওপ। প্রথমবারের মতো ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। সফল হননি, মাঝসমুদ্রে পথ হারিয়ে ১৫ দিন ভেসে ছিলেন। পান করেছিলেন কেবল সাগরের নোনা জল। দ্বিতীয় ও তৃতীয় চেষ্টায় সেনেগাল কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হওয়া থেকে অল্পের জন্য রক্ষা পান ২৩ বছর বয়সী এই তরুণ। তবুও দমে যাননি তিনি। অধ্যবসায়ের নজির তৈরি করে চতুর্থবার সাগর পাড়ি দিতে ইতিমধ্যে মানবপাচারকারীকে টাকা দিয়ে সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। সেনেগালের উপকূলীয় শহর কায়ারের সৈকতে বসে দিওপ জানান, তার অর্ধেক বন্ধুই এখন ইউরোপে, দেশে মাছ ধরে আর জীবিকা চলে না এবং এখানে করার মতো কিছু নেই। বৈধ পথে ইউরোপে যাওয়ার ভিসা পাওয়া পশ্চিম আফ্রিকার সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব হওয়ায় প্রতি বছর হাজার হাজার মানুষ ‘বার্সেলোনা অথবা মৃত্যু’—এমন ঝুঁকি নিয়ে উত্তাল আটলান্টিক পাড়ি দিচ্ছেন। স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্যমতে, চলতি বছর ২৯ হাজারের বেশি মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। এদের বেশিরভাগই সেনেগাল ও গাম্বিয়ার নাগরিক। শুধু নভেম্বর মাসেই রেকর্ড ১৬ হাজার অভিবাসী সেখানে পৌঁছান। বছরের প্রথম ছয় মাসের মোট সংখ্যার তিন গুণ এই সংখ্যা। গত বছর ইউরোপের অর্থায়নে সেনেগাল কর্তৃপক্ষ নজরদারি বাড়ানোয় ১৭ হাজার মানুষ সেখানে পৌঁছেছিলেন। চলতি সপ্তাহের শুরুতে সেনেগালের নৌবাহিনী একদিনেই ৯৭৪ জন যাত্রীসহ পাঁচটি নৌকা আটক করে। তবে কড়া নজরদারিও মরিয়া তরুণদের থামাতে পারছে না। এদিকে আগামী রোববার স্পেনের সাধারণ নির্বাচনের আগে অভিবাসীদের এই ঢল দেশটির রাজনীতিতে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দল পপুলার পার্টির নেতা আলবার্তো নুনেজ ফেইজো এবং কট্টর ডানপন্থী ভক্স পার্টির প্রার্থী সান্তিয়াগো আবাসকাল এর জন্য প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অভিবাসন নীতিকে দায়ী করছেন।

সেনেগালের মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে, যাদের বেশিরভাগই বেকার বা অনানুষ্ঠানিক খাতে সামান্য আয়ে কাজ করেন। দেশটি ভারী ঋণের বোঝা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ব্যাপক দারিদ্র্যের সাথে লড়ছে। সেখানে চিকিৎসা ব্যয়ও অনেক বেশি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মতে, দেশটির জিডিপির ৩ শতাংশ আসে মৎস্য খাত থেকে, যার ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাড়ে ৫ লাখ মানুষের জীবিকা নির্ভরশীল। কিন্তু জলবায়ু পরিবর্তন এবং চীন, রাশিয়া ও তুরস্কের বিশাল বাণিজ্যিক ট্রলারগুলোর অবাধ মাছ শিকারের কারণে স্থানীয় জেলেরা নিঃস্ব হয়ে পড়ছেন। এছাড়া ইউরোপীয় কোম্পানিগুলোর ফিশমিল ও মাছের তেলের চাহিদা এবং আইনি ফাঁকফোকরের কারণেও অতিরিক্ত মাছ ধরা হচ্ছে। ২০০৬ সালে নৌকায় স্পেনে গিয়ে বিতাড়িত হওয়া ৪২ বছর বয়সী এনগাগনে সিসে জানান, ২০২৪ সালে প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে বিদেশি কোম্পানির মাছ ধরার অনুমতি পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বাস্তবে কোনো পরিবর্তন আসেনি।

আটলান্টিকের এই বিপজ্জনক পথে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে মৃত্যু ও নিখোঁজের হার ৯৫ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ২০২০ সাল থেকে সাড়ে ৬ হাজারের বেশি মৃত্যুর তথ্য নথিভুক্ত করলেও স্প্যানিশ অধিকার সংস্থা কামিনান্দো ফ্রন্তেরাসের মতে, ২০২০ সাল থেকে এ পর্যন্ত ২৬ হাজারের বেশি মানুষ এই পথে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের একজন ২৪ বছর বয়সী ফালা দিওনের স্বামী, যিনি ২০২২ সালের জুলাইয়ে তিন মাসের শিশুসন্তানকে রেখে স্পেনের উদ্দেশ্যে নৌকায় উঠে আর ফেরেননি। তবুও সেলুনে কাজ করে জমানো টাকায় নিজের সন্তানকে দাদির কাছে রেখে একই বিপজ্জনক পথে পা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ফালা। অন্যদিকে ২০ সদস্যের পরিবারে বসবাসকারী দিওপ ও তার বড় ভাই প্রতিবার যাত্রার জন্য পাচারকারীদের প্রায় ৪ লাখ সিএফএ ফ্রাঁ (প্রায় ৮২ হাজার ৯৪৩ টাকা) করে দিয়েছেন। দিওপের মা স্যালি এনদিয়ায়ে জানান, ঋণ করে তিনি ছেলেদের যাত্রার খরচ জুগিয়েছেন। দারিদ্র্যের কারণে বাবা-মাকে সাহায্য করতেই তরুণেরা এভাবে জীবন বাজি রাখছে বলে তিনি যোগ করেন।
সূত্র: এপি