ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানি ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ সতর্কতা ট্রাম্পের

ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানি ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ সতর্কতা ট্রাম্পের

ফন্ট সাইজ:

ইরানের কাছে ইউরোপে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সাথে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ নেমে আসতে পারে বলেও সতর্ক করেন তিনি। ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবন থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ফোনালাপে তিনি এসব কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাথে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে তার দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়। জবাবে ট্রাম্প জানান, ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে পৌঁছাতে না পারলেও ইউরোপে পৌঁছানোর সক্ষমতা তাদের রয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা না থাকলে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক হামলা চালাতে পারে বলে দাবি করেন তিনি। ট্রাম্প সতর্ক করে জানান, এমন পরিস্থিতি তৈরি হলে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবে এবং সেখানে এক পারমাণবিক ধ্বংসযজ্ঞ ঘটে যাবে।

মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই উল্লেখ করে ট্রাম্প জানান, ওয়াশিংটনের যা প্রয়োজন তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি। ইরানি নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের সম্পর্কে তার জানাশোনা হয়েছে এবং তারা সত্যিই উন্মাদ। আর এ কারণেই ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না বলে ঘোষণা দেন তিনি। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেরা আত্মরক্ষায় যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। উল্লেখ্য, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী একটি রাষ্ট্র।