জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আটক অপর দু’জন হলেন— সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন। বুধবার রাতে রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর এলাকা থেকে আটকের পর তাদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন তারা। এ ছাড়া মোহাম্মদপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবের সহযোগী আল আমিনকে ককটেলসহ আটক করেছে পুলিশ। সব মিলিয়ে মোট চারজনকে আটক করা হয়েছে।
পরে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার কেএম শাখাওয়াত মুনসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বৃহস্পতিবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসউদুর রহমান। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় আসামিদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখা প্রয়োজন। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদনও পাঠানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শাখাওয়াত মুনকে ঘিরে ধরে কয়েকজন জিজ্ঞাসাবাদ করছেন।
এ সময় চারপাশ থেকে ‘একটা একটা লীগ ধর’ বলে সেøøাগান দেয়া হচ্ছিল। একজন মুনকে জিজ্ঞাসা করেন, এরপর আপনাদের নাশকতার প্ল্যান কী?’ জবাবে মুন বলেন, আমি তো এখন ওএসডি অবস্থায় আছি। এ সময় এক ব্যক্তি মুনের গালে চড় মারেন। পরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। একপর্যায়ে তাকে কান ধরতেও বাধ্য করা হয়। অন্য একটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াসকে পুলিশ ভ্যানে তোলার পরও মারধর করা হচ্ছে। এ সময় উপস্থিত কারও কারও কণ্ঠে ‘আর, মারিস না’ বলতে শোনা যায়।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। পুলিশ কর্মকর্তা হালিম বলেন, সম্ভবত তারা কোনো রেস্তোরাঁয় বসেছিলেন। মুনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কার একটি মামলা রয়েছে।
বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
রাজধানীর গুলশানে একটি বাড়ি ঘেরাও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে ২০ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। বুধবার বিকেলে গুলশানের ৪১ নম্বর সড়কের ৭৪ নম্বর বাড়িতে ঘটে এ ঘটনা। পরে পুলিশ আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।
আটকের এ ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে শেয়ার করেছেন নয়ন। ভিডিওতে দেখা যায়, বাড়িটির নিচতলায় একটি ডেন্টাল ক্লিনিক ও সেলুনের সাইনবোর্ড রয়েছে। বিকালে নেতা-কর্মীদের নিয়ে সেখানে যান তিনি। বাড়ির চারপাশে অবস্থান নিয়ে কাউকে পালাতে না দেয়ার নির্দেশ দেন অনুসারীদের। একপর্যায়ে নিজেই বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। পরে ভবনের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে লোকজনকে বের করে আনেন।
ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা বাড়ির ভেতর থেকে একে একে কয়েকজনকে নিচে নামিয়ে ভবনের পার্কিং এলাকায় জড়ো করছেন। এ সময় যুবদলের এক কর্মীকে বলতে শোনা যায়, ‘তারা নাশকতা করতে আসছিল। ছাত্রলীগ, যুবলীগের সবটিরে ধরছি। একপর্যায়ে কয়েকজনের পাসপোর্ট, মুঠোফোন ও মানিব্যাগ পুলিশের কাছে বুঝিয়ে দেন নয়ন। পুলিশ সদস্যদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘যারা নিরপরাধ তাদের ছেড়ে দেবেন।’
পরে বাড়ি থেকে বেরিয়ে রবিউল ইসলাম নয়ন জানান, সকালে খবর পেয়েছিলেন, বিকাল চারটার দিকে গোপালগঞ্জ থেকে কয়েকজন এবং রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বনানী থানা শ্রমিক লীগের সভাপতির নেতৃত্বে কিছু লোক ওই বাড়িতে গোপন বৈঠক করবেন। খবর পেয়ে তারা সেখানে যান।
