গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে সমস্যা

৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে সমস্যা

ফন্ট সাইজ:

গোপালগঞ্জে বিকাশ, রকেট, নগদ ও উপায়সহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন সমস্যার সৃষ্টি হয়েছে। এ নিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। কিছু অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের বিষয়ে তদন্তের জন্য ওইসব অ্যাকাউন্টে লেনদেন বন্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন বা স্বজনদের কাছে অর্থ পাঠাতে গিয়ে ব্যর্থ হয়ে এজেন্টের দোকান থেকে ফিরে যেতে হচ্ছে অনেককে। তবে সন্ধ্যার পর থেকে ক্ষুদ্রপরিসরে লেনদেন করতে পারছেন কেউ কেউ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। একই সঙ্গে লেনদেন কমে যাওয়ায় আয় হারাচ্ছেন মোবাইল ব্যাংকিংয়ের ক্ষুদ্র উদ্যোক্তারাও। গতকাল জেলার বিভিন্ন এলাকার বিকাশ, রকেট, নগদ ও উপায়ের এজেন্ট পয়েন্টে খোঁজ নিয়ে জানা গেছে এমন তথ্য।

জানা যায়, মোবাইল ফোনে সেবা বন্ধ থাকার বার্তা পাওয়ায় তারা টাকা তুলতে কিংবা পাঠাতেও পারছেন না। বিশেষ করে যেসব পরিবার জরুরি প্রয়োজনে অর্থ পাঠানোর জন্য মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল, তাদের ভোগান্তি বেশি।
গোপালগঞ্জ শহরের সদরঘাট এলাকার হোটেল ব্যবসায়ী নাজিবুর রহমান বলেন, অনলাইন লেনদেন কম করি। তার উপরে সকাল থেকেই লেনদেন করা যাচ্ছে না বিকাশে। আমি নিজেও দোকানে গিয়ে টাকা তুলতে পারিনি।
গোপালগঞ্জ শহরের স্টেডিয়াম মার্কেটের মোটরসাইকেল গ্যারেজ মালিক হাবিব মোল্লা বলেন, আমি একজন ব্যবসায়ী সকাল থেকে আমার বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে পারছি না। আমাদের অনেক গ্রাহক নগদ টাকা না দিয়ে বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করে। বিকাশের লেনদেন বন্ধ থাকায় আমরা ব্যাপক ভোগান্তিতে পড়েছি। ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা রয়েছে এটিও তুলতে পারছি না।

প্রেস ক্লাব গোপালগঞ্জের সামনে বিকাশ, রকেট ও নগদ মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট খালিদ হোসেন বলেন, হঠাৎ করে দুপুর থেকে আমার বিকাশ, রকেট থেকে লেনদেন করতে পারছি না। অনেক গ্রাহক এসে ফেরত যাচ্ছেন; এতে আমি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আর সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে।
যারা লেনদেন করতে পারছেন না তাদের অ্যাকাউন্টে বার্তা যাচ্ছে বলে জানিয়েছেন বিকাশ কর্তৃপক্ষ। ওই বার্তায় লেখা থাকছে, ‘স্যার/ম্যাডাম, এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’

রকেটের পক্ষ থেকে অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনার কথা জানানো হয়নি। রকেট ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার হাবীবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘রকেট অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে সরকারি বা অফিসিয়াল কোনো সিদ্ধান্ত পাইনি। তবে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার অভিযোগ পেয়েছি। গ্রাহকদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলেছি। কী সমস্যা তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম মানবজমিনকে বলেন, এমএফএস বিধিমালা অনুযায়ী, কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত শেষে এই অ্যাকাউন্টগুলো খুলে দেয়া বা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এসব ব্যক্তির বিরুদ্ধে সহিংসতার ঘটনায় অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় তাদের আর্থিক লেনদেনের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের লেনদেনও পর্যালোচনা করা হবে। গত কয়েকদিনে এসব হিসাব জব্দের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
টুঙ্গিপাড়া থানায় নাশকতার ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাত ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।

গত ২২শে নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মামলা হওয়ার বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত মঙ্গলবার ১৭ই নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত টুঙ্গিপাড়া থানায় দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। খুনের উদ্দেশ্যে মারধর করে, এ সময় থানায় উপস্থিত সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করেন তারা। একই সঙ্গে থানায় থাকা ৯টি সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা।