ভারত বুঝতে পেরেছে ঢাকা দিল্লি সম্পর্কের সমস্যা হাসিনা

ভারত বুঝতে পেরেছে ঢাকা দিল্লি সম্পর্কের সমস্যা হাসিনা

ফন্ট সাইজ:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে সন্ত্রাসী শেখ হাসিনা যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে; এ বিষয়টি এখন ভারতও বুঝতে পেরেছে। তার ভাষ্য, শেখ হাসিনা একজন সন্ত্রাসী। তাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর করতে হবে। স্বাভাবিক নাগরিকদের দেশে ফিরে আসা এবং অপরাধীদের প্রত্যর্পণ দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যের প্রেক্ষিতে হুমায়ুন কবির এসব কথা বলেন। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার কাছে হাসিনা ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হয়।
হুমায়ুন কবির খোলামেলা উত্তর দেন। তিনি শেখ হাসিনাকে সন্ত্রাসী এবং সাইকোপ্যাথ হিসেবে উল্লেখ করেন। হুমায়ুন কবির বলেন, দুই হাজারের বেশি মানুষকে হত্যা করে হাসিনা পালিয়ে গেছেন। ভারতও এখন বুঝতে পেরেছে তারা কাকে আশ্রয় দিয়েছে।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা আর প্রত্যর্পণের অনুরোধ এক করে দেখছে না ভারত। তারা এ দু’টি বিষয়কে পৃথকভাবে দেখে। ঢাকার কূটনৈতিক সাংবাদিকরা ভারতের এই মনোভাবের বিষয়ে ঢাকার অবস্থান জানতে চান। জবাবে হুমায়ুন কবির বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য বুঝতে কোনো অসুবিধা নেই। একটি বিষয় হচ্ছে সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের স্বাভাবিকভাবে ভ্রমণ করে দেশে ফেরার বিষয়। আরেকটি হচ্ছে অপরাধীদের জন্য। শেখ হাসিনা অপরাধীদের অংশে পড়েন। সুতরাং তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর করতে হবে।

বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে চিঠি দেয়া হয়েছে এর আনুষ্ঠানিক কোনো জবাব পাওয়া গেছে কিনা সে বিষয়টিও জানতে চাওয়া হয়। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। এখন জবাবের অপেক্ষা। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি। ওখানে শেখ হাসিনা আছেন, তার সঙ্গে আরও আওয়ামী লীগ সন্ত্রাসীরাও আছেন। যারা এ দেশ থেকে লুটপাট করে গেছে, মানুষ হত্যা করে পালিয়েছে। শহীদ ওসমান হাদির হত্যাকারীরাও সেখানে রয়েছে। অনেক সন্ত্রাসী সেখানে অবস্থান করছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় সদিচ্ছার নিদর্শন হিসেবে আমরা এসব সন্ত্রাসীকে ফেরত চাই এবং তাদের হস্তান্তরের অনুরোধ জানিয়েছি।

পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হুমায়ুন কবির বলেন, পৃথিবীর সব জায়গার রাজনীতিতে কিছু পাগল থাকে। বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। জাতীয় সরকার থেকে জাতীয় সরকারের মধ্যে গুরুতর আলোচনা হয়। এসব বক্তব্য নিয়ে আলোচনার কিছু নেই।

ভিয়েনা কনভেনশনের আইন অনুযায়ী কূটনৈতিক মিশন থেকে কাউকে গ্রেপ্তার করা যায় না উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান শেখ হাসিনাকে কীভাবে মিশন থেকে গ্রেপ্তার করা হবে। হুমায়ুন কবির এই প্রশ্নের সরাসরি জবাব দেননি। তিনি বলেন, এই প্রশ্নের উত্তর আগেই দেয়া হয়েছে। ঘুরেফিরে শেখ হাসিনার কথা বলে লাভ নেই। তিনি ডিসেম্বরে আসবেন না। সিলেটের একটি সভায় নিজের দেয়া বক্তব্যের কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না। একজন সন্ত্রাসীর অবস্থান নির্ধারণ করা হয়েছে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে। তাকে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে দেশে আনা হবে। এ ছাড়া তার বাংলাদেশে আসার আর কোনো পথ নেই।

তিনি আরও বলেন, শেখ হাসিনার লুটেরা পরিবার, লুটেরা দল ও সন্ত্রাসীদের বাংলাদেশে আর কোনো স্থান নেই। বাংলাদেশ থেকে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। দেশের মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরা তার এবং বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ বিষয় বলে ভারতের মুখপাত্রের বক্তব্যের জবাবে হুমায়ুন কবির বলেন, অভ্যন্তরীণ বিষয় বলার মধ্যদিয়ে ভারতের মুখপাত্র মূলত প্রশ্নটির উত্তর দিতে চাননি। তবে উত্তরটি প্রত্যর্পণ চুক্তির মধ্যেই রয়েছে। শেখ হাসিনাকে নিয়ে ভারতও নানা ধরনের চ্যালেঞ্জ ও অসুবিধার মুখে পড়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ভারতও তাদের সার্বভৌম ভূখণ্ডে একজন সন্ত্রাসীর অবস্থানের চ্যালেঞ্জ বুঝতে পারছে। এতে তাদের অপ্রয়োজনীয় বিরক্তি তৈরি হচ্ছে। শেখ হাসিনাকে একজন সাইকোপ্যাথ আখ্যা দিয়ে তিনি বলেন, দুই হাজার মানুষ হত্যা করে যাওয়ার পরও তার মধ্যে কোনো অনুশোচনা নেই। তার আর কোনো রাজনৈতিক পরিচয় নেই। তিনি একজন সন্ত্রাসী।
এ প্রসঙ্গে অতিথির উদাহরণ টেনে হুমায়ুন কবির বলেন, কাউকে বাড়িতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর পর তিনি যদি সেখানে ঢুকে এমন আচরণ করেন যে, তাকে বের করাও যাচ্ছে না, আবার রাখতেও হচ্ছে, তখন সেটি বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে। শেখ হাসিনাকে নিয়েও ভারত এমন পরিস্থিতির মুখে রয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষায়, শেখ হাসিনা এখন ঢাকা-দিল্লি সম্পর্কের জন্য সমস্যার কারণ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বক্তব্যটি মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, তিনি এমন কিছু বলেননি যা প্রত্যর্পণ চুক্তির বাইরে যায়। সাধারণ নাগরিকদের জন্য একটি নীতি রয়েছে, অপরাধীদের জন্য আরেকটি। শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। তার দেশে ফেরার একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি। তাকে শুধু ফিরে এলে হবে না, হস্তান্তর করতে হবে।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বরে আর কেউ আসবেন না। একমাত্র শীত আসবে। শীত আসা নিশ্চিত উল্লেখ করে সাংবাদিকদের হালকা জ্যাকেট কেনার পরামর্শ দেন তিনি।
গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং নতুন চুক্তি বা নবায়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতকে চিঠি দেয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন। এখন ভারতের জবাব দেয়ার পালা। বাংলাদেশের পক্ষ থেকে যা করার, তা করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট এবং বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে তথ্য ভাগাভাগি অব্যাহত থাকবে।