হাতিয়া উপজেলার মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত দাসের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন দুই সাংবাদিক। এ সময় হামলার শিকারও হন তারা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সাংবাদিক। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মিধ্যা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা গেছে, মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত দাসের বিরুদ্ধে ওঠা অনিয়মের তথ্যের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে দুপুরে দেশ টিভি ও আমাদের সময় পত্রিকার হাতিয়া প্রতিনিধি শামীমুজ্জামান শামীম এবং চ্যানেল এস টেলিভিশন ও খবরের কাগজ-এর হাতিয়া প্রতিনিধি মো. হানিফ উদ্দিন সাকিব ওই বিদ্যালয়ে যান। এ সময় সহকারী শিক্ষক অমিত দাস তাদের কাজে বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণ করেন। একপর্যায়ে তাদের হাতে থাকা ট্রাইপড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের নামে চাঁদাবাজি ও হামলার মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার হুমকিও দেয়া হয়। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে শামীম উজ্জামান হাতিয়া থানায় সাধারণ ডায়েরি ভুক্ত করার আবেদন করেন।
