বাইশারীতে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ, সাইডওয়াল ভাঙলো এলাকাবাসী

বাইশারীতে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ, সাইডওয়াল ভাঙলো এলাকাবাসী

ফন্ট সাইজ:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার থেকে মধ্যম চাকপাড়া পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। রাজঘাট ব্রিজের পাশে সাইড ওয়াল নির্মাণে নিম্নমানের ইট ও নদীর কালো বালি ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে নিম্নমানের নির্মিত অংশ ভেঙে দেন তারা। গতকাল বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দারা নির্মাণকাজের সাইটে গিয়ে নিম্নমানের ইট ও কালো বালি ব্যবহারের বিষয়টি দেখতে পান। পরে এলাকাবাসী একত্রিত হয়ে নির্মিত সাইড ওয়ালের নিম্নমানের অংশ ভেঙে দিয়ে কাজ বন্ধ করে দেন।

এ বিষয়ে বাইশারী ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দীন বলেন, বাইশারী বাজার থেকে মধ্যম চাকপাড়া সড়কের নির্মাণকাজে দীর্ঘদিন ধরে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছিল। বুধবার আমি নিজে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিম্নমানের ইট ও নদীর কালো বালি ব্যবহারের বিষয়টি সরজমিন দেখতে পাই। পরে এলাকাবাসী মিলে নিম্নমানের নির্মাণকাজ ভেঙে দিয়ে কাজ বন্ধ করে দিই। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রকৌশলীকে জানানো হয়েছে। বাইশারীতে কোনো ধরনের অনিয়ম ও নিম্নমানের কাজ মেনে নেয়া হবে না। এলাকার মানুষ এখন অনেক সচেতন।

এদিকে, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান নাইক্ষ্যংছড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম। এ সময় তিনি নির্মাণকাজের ব্যবহৃত সামগ্রী ও কাজের মান পর্যবেক্ষণ করেন। নিম্নমানের কাজের বিষয়টি দেখে তিনি ঠিকাদারকে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, নির্মাণকাজে কোনো ধরনের নিম্নমানের সামগ্রী ব্যবহার করা যাবে না। ঠিকাদারকে কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। কাজের মান উন্নত না হলে নির্মাণকাজ বন্ধ করে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি এখন থেকে এলজিইডি কার্যালয়ের কর্মচারীদের উপস্থিতিতে কাজ পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে, যাতে নির্মাণকাজের প্রতিটি ধাপে তদারকি নিশ্চিত করা যায়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন এ সড়ক প্রকল্পে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। প্রায় ৪ কিলোমিটার সড়কের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্পটি সম্পন্ন করতে হবে।